Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, সতর্কবার্তা পূর্বাভাস কেন্দ্রের

ঢাকা অর্থনীতি ডেস্ক:

ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে দেশের উত্তরের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে নেত্রকোনার কামলাকান্দা, সিলেটের কানাইঘাট ও ফেঞ্জুগঞ্জ এবং বাগেরহাটের মোংলায়ও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, ভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে উত্তরের চার জেলায় সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং এ অবস্থা আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন বলেন, নদ-নদীর পানি দ্রুত বাড়তে থাকায় সংশ্লিষ্ট এলাকায় কয়েক দিনের জন্য স্থায়ী স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

সতর্কীকরণ কেন্দ্রের বুলেটিন অনুযায়ী, শনিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিনও এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে এসব নদীর পানি নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বিপৎসীমার নিচে থাকলেও বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতির দ্রুত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, রংপুর, সিলেট ও খুলনা বিভাগসহ ভারতের অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে, যা নদ-নদীর পানি বৃদ্ধির অন্যতম কারণ।

আগামী পাঁচ দিনে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর প্রভাবে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি আরও বাড়তে পারে, যদিও তা বিপৎসীমার নিচে থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে কয়েক দিন পর পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বাড়ছে এবং আগামী তিন দিনের মধ্যে তা সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা বা প্লাবনের ঝুঁকি তৈরি হতে পারে।

এ ছাড়া ময়মনসিংহ অঞ্চলের সোমেশ্বরী, জিঞ্জিরাম, কংস ও ভুগাই নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনগুলোতে এসব নদীর পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন