Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, পুড়ে মারা গেলেন ৮ বাংলাদেশি

ঢাকা অর্থনীতি ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে কলকাতা পুলিশ। স্থানীয় ফায়ার সার্ভিসও একই তথ্য জানিয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। তাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, হতাহতরা হোটেলটির আবাসিক অতিথি ছিলেন। তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। মির্জা গালিব স্ট্রিটের তিনতলার হোটেল শিখা ইনে তারা অবস্থান করছিলেন।

কলকাতার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের একেবারে পাশেই হোটেলটির অবস্থান। পাঁচতলা ওই ভবনের প্রতিটি তালায় বিভিন্ন নামে একাধিক হোটেল রয়েছে।

জানা গেছে, দিবাগত রাত পৌনে দুইটার দিকে হোটেলটির তিনতলায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের ধোঁয়ায় পুরো হোটেল ঢেকে যায় এবং ভেতরে থাকা মানুষজন আটকা পড়েন। হোটেলে প্রবেশের পথ ছিল সরু ও অপ্রশস্ত। পাশাপাশি অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। এসব ব্যবস্থার ছাড়াই হোটেলটি পরিচালিত হচ্ছিল।

কলকাতা পুলিশ এখনো নিহতদের নাম-পরিচয় প্রকাশ করেনি। তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ৮ জন মারা গেছেন এবং ৮ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক।

কলকাতার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের পাশে হোটেলটির অবস্থান হওয়ায় আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি হোটেলের আবাসিক অতিথিদের উদ্ধারের চেষ্টা করেন।

ফায়ার সার্ভিসের ধারণা, শর্টসার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন