Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকিতে ৩ লাখের বেশি মানুষ

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

হিমালয় অঞ্চলে অন্তত তিন লাখ মানুষ বসবাস করছেন বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা এলাকায়। এসব অঞ্চলে দ্রুত বাড়ছে আবাসন, হোটেল, পর্যটনকেন্দ্র ও অন্যান্য অবকাঠামো নির্মাণ। নতুন এক গবেষণায় উঠে এসেছে, ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভবন ও অন্যান্য স্থাপনায় আচ্ছাদিত জমির পরিমাণ বেড়েছে প্রায় ৪৫ শতাংশ।

বিজ্ঞানভিত্তিক সাময়িকী সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, উত্তর নেপাল, দক্ষিণ-পূর্ব তিব্বত এবং ভারতের উত্তরাখণ্ডের কিছু এলাকায় সবচেয়ে বেশি নির্মাণকাজ হয়েছে। বিশেষ করে হিমবাহ থেকে সৃষ্ট হ্রদের পানি উপচে বা বাঁধ ভেঙে আকস্মিক বন্যার ঝুঁকিতে থাকা এলাকায় নির্মাণ বেড়েছে প্রায় ৭৮ শতাংশ।

গবেষকদের আশঙ্কা, ঝুঁকিতে থাকা মানুষের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, গবেষণায় নির্দিষ্ট কিছু অঞ্চল বিবেচনায় নেওয়া হয়েছে। আশপাশের একই ধরনের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এর আওতায় আসেনি।

ব্রিটেন, নেপাল ও ভারতের নয়জন গবেষক হিমালয়ের নদীগুলোর তীর থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকা এবং প্রায় ১ হাজার ৩৬০টি হিমবাহ-সৃষ্ট হ্রদের আশপাশে গবেষণা চালান। এতে পর্যটন অবকাঠামো, আবাসন ও জলবিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন স্থাপনার দ্রুত সম্প্রসারণের চিত্র উঠে এসেছে।

পর্যটন ও অবকাঠামো নির্মাণে বাড়ছে ঝুঁকি

নেপালের পর্যটন নগরী পোখারা এর অন্যতম উদাহরণ। গত তিন দশকে পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শহরটির আয়তনও বেড়েছে। তবে শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া সেতি গণ্ডকি নদীকে ঘিরে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।

পোখারার মেয়র ধনরাজ আচার্য বলেন, নদীর তীরে অনেক পুরোনো ভবন রয়েছে, যেগুলো পানির প্রবাহ থেকে মাত্র পাঁচ মিটার দূরে নির্মিত। অথচ নতুন নিয়ম অনুযায়ী, নদী থেকে আরও দূরে ভবন নির্মাণের কথা। এসব ভবন কোথায় ও কীভাবে সরানো হবে, সেটিই এখন বড় চ্যালেঞ্জ।

পোখারার উত্তরে অবস্থিত জনপ্রিয় অন্নপূর্ণা ট্রেকিং এলাকাতেও নদীর তীরে বসতি বেড়েছে। সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে এসব এলাকার কয়েকটি বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় হোমস্টে ব্যবসায়ী ফুরপা শিরিং লামা জানান, সাধারণত বছরের এই সময়ে পর্যটকদের ভিড় থাকে। তাঁর ২০টি কক্ষের সবই অতিথিতে পূর্ণ থাকার কথা। কিন্তু এখন মাত্র পাঁচটি কক্ষে অতিথি রয়েছেন। চার দশকের বেশি সময় ধরে ব্যবসা করলেও এমন দুর্যোগ আগে দেখেননি বলে জানান তিনি।

মোদি নদীর পাশে হোটেল পরিচালনাকারী কৃষ্ণ গৌচনেরও একই আশঙ্কা। তাঁর মতে, হিমবাহ ভেঙে গেলে কিংবা হিমবাহ-সৃষ্ট হ্রদের পানি হঠাৎ বেরিয়ে এলে নদীতে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে।

গবেষণার প্রধান লেখক ও লিডস ইউনিভার্সিটির হিমবাহ বিশেষজ্ঞ সি স্কট ওয়াটসন সতর্ক করে বলেছেন, নদী উপত্যকাগুলোতে জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। এখন উন্নয়ন নিয়ে যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেগুলো আগামী কয়েক দশক ধরে দুর্যোগের ঝুঁকিকে প্রভাবিত করবে।

জলবায়ু পরিবর্তনে বাড়ছে হিমবাহ-সৃষ্ট বন্যার আশঙ্কা

হিমালয় অঞ্চলে ঝুঁকি বৃদ্ধির অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন। বিজ্ঞানীদের মতে, বিশ্বে গড় তাপমাত্রা বৃদ্ধির তুলনায় হিমালয় অঞ্চলে তাপমাত্রা প্রায় দ্বিগুণ গতিতে বাড়ছে। এতে হিমবাহ, বরফে ঢাকা অঞ্চল ও পার্বত্য এলাকার স্থায়ী বরফ দ্রুত গলে যাচ্ছে।

ফলে পাহাড়ের ঢাল দুর্বল হয়ে পড়ছে। একই সঙ্গে হিমবাহ-সৃষ্ট হ্রদগুলোতে পানির পরিমাণ বাড়ছে। কোনো একপর্যায়ে এসব হ্রদের বাঁধ ভেঙে গেলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। নেপালে ১৯৪০ সাল থেকে এ ধরনের প্রায় ৩০টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

তাপমাত্রা বৃদ্ধির কারণে উঁচু পার্বত্য এলাকাতেও বৃষ্টিপাত বাড়ছে, যেখানে আগে মূলত তুষারপাত হতো। এতে ভূমিধস, পাথর ও বরফের খণ্ড নিচে নেমে আসার ঝুঁকিও বাড়ছে।

গবেষণায় নদী কিংবা হিমবাহ-সৃষ্ট হ্রদের পানির স্তর থেকে ৫০ মিটার উচ্চতার মধ্যে থাকা ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে সাম্প্রতিক বন্যার অভিজ্ঞতা বলছে, বিপদের পরিধি আরও বড় হতে পারে। গত ২৬ আগস্ট নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ বন্যার সময় কোথাও কোথাও নদীর পানি ৭০ মিটার পর্যন্ত উঠে এসেছিল। এতে নদীর তীর থেকে দূরে থাকা ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

নির্মাণবিধি প্রয়োগে কঠোরতার তাগিদ

শুধু পর্যটন নয়, ভোটেকোশি ও ত্রিশূলি নদীর আশপাশে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, ঝুঁকিপূর্ণ এলাকায় যথাযথ পরিকল্পনা ছাড়া নির্মাণকাজ চলতে থাকায় বিপর্যয়ের আশঙ্কা বাড়ছে।

নেপালের নগর পরিকল্পনা বিশেষজ্ঞ অধ্যাপক সূর্য রাজ আচার্য বলেন, নদীতীরের নিচু ও সমতল জমিতে সড়ক, জলবিদ্যুৎ প্রকল্প, হোটেল ও বাজার গড়ে উঠেছে। এসব জায়গায় যাতায়াত ও নির্মাণকাজ সহজ হওয়ায় মানুষ সেখানে বসতি স্থাপন করছে। কিন্তু অনেক ক্ষেত্রে নিরাপত্তাবিধি ও নদী থেকে নির্ধারিত দূরত্ব বজায় রাখার নিয়ম উপেক্ষা করা হয়েছে।

ভারতের উত্তরাখণ্ডেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে। পরিবেশকর্মী অনুপ নওটিয়ালের অভিযোগ, অর্থনৈতিক উন্নয়ন ও পর্যটন ব্যবসার প্রসারের নামে নদীতীরের নির্মাণসংক্রান্ত বিধিনিষেধ যথাযথভাবে মানা হচ্ছে না।

তবে বন্যাপ্রবণ এলাকায় জমির ব্যবহার ও নির্মাণ নিয়ন্ত্রণে গত ১২ অক্টোবর নতুন নিয়ম অনুমোদন করেছে উত্তরাখণ্ড সরকার। এর লক্ষ্য বন্যায় মানুষের জীবন, সম্পদ ও জরুরি অবকাঠামো রক্ষা করা এবং পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখা।

নেপালের জাতীয় দুর্যোগ সংস্থাও ঝুঁকি কমাতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, সম্প্রতি ব্যাপক ক্ষতিগ্রস্ত রাসুয়া-ভোটেকোশি এলাকায় নদীর তীর থেকে ১৫ মিটারের মধ্যে বসতি স্থাপনে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা রয়েছে। অন্য নদী উপত্যকাগুলোতেও একই ধরনের নিয়ম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংস্থাটির প্রধান নির্বাহী ধর্ম রাজ উপ্রেতি বলেন, অনেক মানুষের জমি ও সম্পত্তির সঙ্গে আবেগ জড়িয়ে থাকায় তাদের সরিয়ে নেওয়া কঠিন। তবে ক্রমবর্ধমান ঝুঁকিও উপেক্ষা করা সম্ভব নয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, ঝুঁকির মাত্রা অনুযায়ী এলাকাগুলোকে উচ্চ, মাঝারি ও কম ঝুঁকির শ্রেণিতে ভাগ করা এবং সে অনুযায়ী নির্মাণ ও বিমাব্যবস্থা চালু করা যেতে পারে। এতে মানুষকে নিরাপদ এলাকায় বসতি স্থাপনে উৎসাহিত করা সম্ভব হবে।

গবেষকদের মতে, হিমালয়ের মতো সংবেদনশীল পরিবেশে উন্নয়নকাজের জন্য আরও কঠোর পরিকল্পনা ও নির্মাণবিধি প্রয়োজন। শুধু নিয়ম তৈরি করলেই হবে না, সেগুলোর যথাযথ প্রয়োগও নিশ্চিত করতে হবে।

সূত্র: বিবিসি বাংলা

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন