Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননা: চিত্রনায়িকা পরীমনিকে নিঃশর্ত ক্ষমার আইনি নোটিশ

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া, হেনস্তা করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় সংগীত অবমাননার অভিযোগে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার পর আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান শাহরিয়ার এই আইনি নোটিশ পাঠান। এতে শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি ছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিবাদী করা হয়েছে।
নোটিশে চিত্রনায়িকা পরীমনিকে ভবিষ্যতে সব ধরনের অশ্লীল বক্তব্য, সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয়, অঙ্গভঙ্গি এবং নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি চলচ্চিত্র, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল, স্থিরচিত্র ও গ্রাফিকসসহ যেকোনো মাধ্যমে শৈল্পিক বা শিক্ষাগত মূল্যহীন কর্মকাণ্ড ধারণ ও প্রদর্শন থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সাথে আগামী সাত দিনের মধ্যে পরীমনিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তাঁর বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
ঘটনার বিবরণীতে নোটিশে উল্লেখ করা হয়, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। ওই দিন সকাল ১১টা ৪০ মিনিটের দিকে গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় সংবাদকর্মীরা তাঁর ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করলে পরীমনির নিরাপত্তারক্ষীদের সাথে সাংবাদিকদের ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মোবাইল ফোন পরীমনি কেড়ে নেন এবং তাঁর ভিডিও ধারণের ট্রাইপডটি নিরাপত্তারক্ষীরা ভেঙে ফেলেন বলে অভিযোগে জানানো হয়।
নোটিশে আরও দাবি করা হয়, উক্ত ধাক্কাধাক্কির ঘটনায় জাগো নিউজের প্রতিবেদক আশিকুজ্জামান ও মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছার, আগামীর সময়ের প্রতিবেদক সিয়াম হোসেন এবং টাইমস টুডের শাহ রিয়াজ আহত হন। এমনকি সুজন চন্দ্র মণি দাস নামের এক বিচারপ্রার্থীরও মাথা ফেটে রক্ত বের হওয়ার ঘটনা ঘটে। আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় সমকালের সাংবাদিক রবিউলের জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা (ডান হাতের আঙুলের সমস্যা) নিয়ে তাঁকে উদ্দেশ করে অশ্লীল ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়, যার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। পেশাদার সাংবাদিকদের সাথে এমন আচরণ স্বাধীন সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের অনুকূল পরিবেশের জন্য হুমকিস্বরূপ বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া গত ৬ নভেম্বর পরীমনির ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের জাতীয় সংগীতকে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করে একটি অশ্লীল পোস্ট দেওয়া হয়েছে বলেও নোটিশে অভিযোগ আনা হয়েছে, যা নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছিল।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন