Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সময় বাড়াল আন্তঃশিক্ষা বোর্ড

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
কারিগরি ও অনলাইন ত্রুটির কারণে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং পুনর্মূল্যায়নের আবেদনের সময়সীমা বাড়িয়েছে কর্তৃপক্ষ। পূর্বে নির্ধারিত সময় অনুযায়ী গত ৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করার সুযোগ থাকলেও, তা বাড়িয়ে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়।
শনিবার (৭ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থী, অভিভাবক, প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারিগরি ত্রুটির কারণে উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া গত ৭ নভেম্বর বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সাময়িকভাবে বিঘ্নিত হয়।
এতে আরও উল্লেখ করা হয়, প্রযুক্তিগত সমস্যার কারণে ওই নির্ধারিত সময়ে অনেক শিক্ষার্থী আবেদন করতে পারেননি। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং তাদের স্বার্থ রক্ষার্থে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদনের শেষ সময় ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে বাড়িয়ে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন