Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় শনাক্ত, আহত ৬

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
ওমরাহ পালন ও পারিবারিক সফর শেষে সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাত বাংলাদেশি। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন, অপর এক পরিবারের মা-মেয়ে এবং ওমরাহ পালনে যাওয়া এক নারী রয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন বাংলাদেশি। হৃদয়বিদারক বিষয় হলো, নিহত ও আহতদের সবাই কক্সবাজারের তিনটি ভিন্ন পরিবারের সদস্য।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে সৌদি আরবের আল-হিমনা নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও খোলাইস ট্রাফিক অফিসের বরাতে মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাকবলিত গাড়িটি চালাচ্ছিলেন একজন পাকিস্তানি নাগরিক। দুর্ঘটনার সময় গাড়িটি প্রতি ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার তীব্র গতিতে চলছিল।
সৌদি ট্রাফিক পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণেই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে তা উল্টে গিয়ে দুর্ঘটনাকবলিত হয়। তবে চালকের দাবি, হঠাৎ গাড়ির চাকা ফেটে যাওয়ার ফলে এই অঘটন ঘটেছে। দুর্ঘটনার সঠিক ও প্রকৃত কারণ বের করতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত ও আহতদের তালিকা ও বর্তমান অবস্থা:
প্রথম পরিবার: নিহত হয়েছেন কক্সবাজারের জিয়াউর রহমান, তাঁর কন্যা বুশরা এবং দুই পুত্র ইয়াসির ও ইয়াযান। তাঁদের মরদেহ আল-হিমনা জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত জিয়াউর রহমানের স্ত্রী শাকিরাকে খোলাইস জেনারেল হাসপাতালে এবং তাঁর অপর এক মেয়েকে জেদ্দার বাদশা আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দ্বিতীয় পরিবার: নিহত হয়েছেন প্রবাসী আলম শাহের স্ত্রী সানজিদা ও মেয়ে ফারিয়া। সানজিদার মরদেহ আল-হিমনা জেনারেল হাসপাতালে এবং ফারিয়ার মরদেহ খোলাইস জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আলম শাহের ছেলে ফায়সাল ইস্ট জেদ্দা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আর আলম শাহ প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
তৃতীয় পরিবার: নিহত হয়েছেন ওমরাহ পালন করতে যাওয়া আফসানা বিবি। কিছুদিন আগেই তিনি সৌদি আরবে গিয়েছিলেন, কিন্তু দেশে ফেরার আগেই এই মর্মান্তিক পরিণতি ঘটে। তাঁর মরদেহ খোলাইস জেনারেল হাসপাতালে রয়েছে। তাঁর স্বামী ইলিয়াস প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
এ ছাড়া গফুর আলম নামে আহত অপর এক বাংলাদেশিকে খোলাইস জেনারেল হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন