Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া, তীব্র প্রতিবাদ ও সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি টোকিওর

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা ও তীব্র ভূ-রাজনৈতিক উত্তেজনার আবহেই এবার জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান ‘জাপান টোব্যাকো’র (জেটি) রাশিয়াস্থ সম্পদের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক নির্বাহী নির্দেশের মাধ্যমে প্রতিষ্ঠানটির অধীনস্থ চারটি গুরুত্বপূর্ণ রুশ কোম্পানির শেয়ার অস্থায়ী ব্যবস্থাপনায় নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। রাশিয়ার এই পদক্ষেপে চরম ক্ষোভ প্রকাশ করে সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে টোকিও।
রুশ সংবাদ সংস্থা ‘তাস’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট পুতিনের স্বাক্ষরিত আদেশের ভিত্তিতে ডনস্কয় তাবাক, পেরেস্লাভল তাবাক, জেটিআই ইয়েলেতস এবং ক্রেস নেভা—এই চার কোম্পানির পরিচালনাগত শেয়ারহোল্ডিং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘জেএসসি ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেটস’-এর অস্থায়ী ব্যবস্থাপনায় হস্তান্তর করা হয়েছে।
জাপান সরকারের সরাসরি অর্থায়ন ও মালিকানা যুক্ত থাকা একটি বহুজাতিক কোম্পানির সম্পদে হস্তক্ষেপর এই ঘটনায় দুই দেশের বহুমাত্রিক টানাপোড়েন নতুন কূটনৈতিক সংঘাতের জন্ম দিয়েছে। ঘটনার পরপরই জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রীরা মস্কোর কাছে জোরালো কূটনৈতিক প্রতিবাদ লিপিকরণ করেছেন।
জাপান টোব্যাকো ১৯৯৯ সাল থেকে অত্যন্ত সফলতার সাথে রাশিয়ায় ব্যবসা পরিচালনা করে আসছে। ২০০৭ সাল থেকে দেশটির অভ্যন্তরীণ তামাক বাজারে শীর্ষ অবস্থান ধরে রাখা এই প্রতিষ্ঠানের সেন্ট পিটার্সবার্গ, রোস্তভ-না-দনু, লেনিনগ্রাদ ও লিপেৎস্ক অঞ্চলে নিজস্ব বিশাল উৎপাদন কেন্দ্র রয়েছে। কোম্পানিতে প্রায় চার হাজার কর্মী কর্মরত আছেন এবং তাদের বৈশ্বিক মোট বিক্রির প্রায় ১০ শতাংশই আসে রাশিয়ার একক বাজার থেকে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের সূচনালগ্নে অধিকাংশ জাপানি ও পশ্চিমা প্রতিষ্ঠান রাশিয়া ত্যাগ করলেও জেটি গ্রুপ দেশটিতে কার্যক্রম অব্যাহত রেখেছিল।
উল্লেখ্য, জাপান সরকারের অর্থ মন্ত্রণালয় জেটি গ্রুপের সর্ববৃহৎ একক শেয়ারহোল্ডার, যাদের হাতে প্রতিষ্ঠানটির ৩৭ দশমিক ৫৫ শতাংশ শেয়ার রয়েছে। জাপানি আইন অনুযায়ী সরকারের এই ন্যূনতম অংশীদারত্ব বজায় রাখা বাধ্যতামূলক।
ইউক্রেন অভিযানের প্রতিক্রিয়ায় জাপানসহ পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার জবাবে ২০২৩ সালে একটি বিশেষ আইন চালু করে মস্কো। ওই আইনের আওতায় ক্রেমলিন ঘোষিত ‘অবন্ধুভাবাপন্ন’ যেকোনো রাষ্ট্রের বাণিজ্যিক সম্পদ রাষ্ট্রীয় হেফাজতে নেওয়ার আইনি সুযোগ তৈরি করা হয়। তবে ঠিক কী কারণে জাপান টোব্যাকোর এই চার শাখা প্রতিষ্ঠানের শেয়ার নিয়ন্ত্রণ করা হলো, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেয়নি রাশিয়া।
ঘটনার পর পরই টোকিওতে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি কিহারা মিনোরু, অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়া এবং অর্থমন্ত্রী সাতসুকি কাতাইয়ামা একযোগে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাঁরা জানান, জাপানি কোম্পানি ও নাগরিকদের বৈধ বাণিজ্যিক স্বার্থ সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
কূটনৈতিক প্রতিক্রিয়া হিসেবে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপীয়-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কিমিতাকে নাকামুরা টোকিওতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত নিকোলাই নোজদ্রেভকে তলব করে প্রতিবাদ জানান। পাশাপাশি ব্যুরোর উপমহাপরিচালক ইশিগাকি তোমোয়াকি মস্কোয় গিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক লিখিত প্রতিবাদপত্র জমা দিয়েছেন। এই বৈঠকে সম্প্রতি রাশিয়ার দূরপ্রাচ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া জাপানি সংবাদমাধ্যম ‘হোক্কাইদো শিম্বুন’-এর এক সাংবাদিকের অবিলম্বে মুক্তির দাবিও জানানো হয়।
এদিকে জেটি গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ায় তাদের যাবতীয় বাণিজ্যিক কার্যক্রম সব আন্তর্জাতিক আইনি বিধিবিধান মেনেই পরিচালিত হয়ে আসছিল। রাশিয়ার সর্বশেষ নির্দেশের অর্থনৈতিক ও পরিচালনগত প্রভাব পর্যালোচনার পাশাপাশি পরবর্তী আইনি ও ব্যবসায়িক পদক্ষেপ নির্ধারণের কাজ চলছে।
সম্প্রতি ‘ভালদাই ডিসকাশন ক্লাব’-এর এক ফোরামে প্রেসিডেন্ট পুতিন জাপানের সাথে প্রতিবেশীসুলভ দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের ইচ্ছার কথা জানালেও, নতুন এই ঘটনা এবং বিতর্কিত দ্বীপপুঞ্জ মালিকানা বিরোধ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিল।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন