Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগে টানা তৃতীয় বছর ইসরায়েলি বাহিনী জাতিসংঘের কালো তালিকায়

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে টানা তৃতীয় বছরের মতো ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘনের ঘটনা রেকর্ড পরিমাণে পৌঁছেছে, যার সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে।

বার্তাসংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, বুধবার (১৭ জুন) প্রকাশের অপেক্ষায় থাকা জাতিসংঘের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ২০২৫ সালের তথ্যভিত্তিক ওই প্রতিবেদনে বলা হয়, ‘২০২৫ সালে সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘন নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। এ বছর ২৪ হাজার ১৭৪ জন শিশুর বিরুদ্ধে মোট ৩৮ হাজার ৫৫৮টি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাচাই করেছে জাতিসংঘ। এর মধ্যে ১৫ হাজার ৪৯৩ জন ছেলে, ৭ হাজার ৯৯০ জন মেয়ে এবং ৬৯১ জনের লিঙ্গ শনাক্ত করা যায়নি। শিশু ও সশস্ত্র সংঘাত সংক্রান্ত এই ম্যান্ডেট চালুর পর এত বেশি সংখ্যক শিশু কখনও এমন লঙ্ঘনের শিকার হয়নি।’

জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার জানান, ৩০ বছরের ইতিহাসে এই প্রথম শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের জন্য সরকারি বাহিনীগুলোকে সবচেয়ে বেশি দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সরকারি বাহিনীগুলোর মধ্যে শিশু অধিকার লঙ্ঘনের ঘটনায় শীর্ষে রয়েছে ইসরায়েলি সরকার, এরপরই রয়েছে রাশিয়া।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগের বছরের তুলনায় শিশু নিহত হওয়ার ঘটনা ৩৪ শতাংশ এবং আহত হওয়ার ঘটনা ১০ শতাংশ বেড়েছে। এতে বলা হয়, ‘সবচেয়ে বেশি গুরুতর লঙ্ঘনের ঘটনা যাচাই করা হয়েছে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে। সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে ১২ হাজার ৪৪৫টি। এছাড়া ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে ৪ হাজার ১১৪টি, নাইজেরিয়ায় ২ হাজার ৫৬০টি, মিয়ানমারে ২ হাজার ২০৩টি এবং সোমালিয়ায় ২ হাজার ১৯৫টি ঘটানা ঘটেছে।’

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৬ হাজার ২৬৬ শিশু নিহত হয়েছে, ৭ হাজার ৯৫৮ জন আহত হয়েছে, ৬ হাজার ৬০৭ জনকে সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগ দেওয়া হয়েছে, ৮ হাজার ৩২২ জন মানবিক সহায়তা থেকে বঞ্চিত হয়েছে এবং ৪ হাজার ৫৭৩ জন শিশুকে অপহরণ করা হয়েছে।

প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব António Guterres বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলে শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘনের মাত্রা তাকে ‘মর্মাহত’ করেছে। তিনি বলেন, ‘গাজা উপত্যকায় চলমান গুরুতর লঙ্ঘনের ঘটনায় আমি স্তম্ভিত। একই সঙ্গে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতা আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।’

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন