Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে হারিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির প্রথম জয়

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
এবিজি ইউনিভার্সিটি কাপে অবশেষে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম দুটি ম্যাচে টানা পরাজয়ের মুখ দেখলেও, আজ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে তারা।
প্রতিপক্ষের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে এই জয় পেয়েছে ব্র্যাক। দলটির পক্ষে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেছেন ইমতিয়াজ মারুফ।
এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই গোল হজমের হাত থেকে বেঁচে যায় ব্র্যাক। খেলার মাত্র দ্বিতীয় মিনিটে ইউল্যাবের এক খেলোয়াড়ের নেওয়া দুর্দান্ত ভলি অল্পের জন্য বারের ওপর দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর দশম মিনিটে ব্র্যাকও এগিয়ে যাওয়ার সুযোগ পায়, তবে ডি-বক্সের ভেতর থেকে মারুফ শট ঠিকমতো কাজে লাগাতে ব্যর্থ হন।
ম্যাচের প্রথমার্ধে উভয় দলই গোলের জন্য বেশ কয়েকটি আক্রমণ চালালেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় কোনো দলই জালের দেখা পায়নি। ফলে গোলশূন্য ড্র নিয়েই প্রথমার্ধের খেলা শেষ হয়।
বিরতির পর আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলা জমজমাট হয়ে উঠলেও গোলের দেখা মিলছিল না। অবশেষে ম্যাচের ৪০ মিনিটের মাথায় আসে সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণ। ইউল্যাবের রক্ষণভাগের খেলোয়াড়রা বক্সের ভেতরের বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে, সতীর্থের আলতো টোকায় বল পেয়ে যান ইমতিয়াজ মারুফ। চলন্ত বলেই ডান পায়ের চোখ জুড়ানো জোরালো ও বাঁকানো শটে বল সরাসরি জালে জড়িয়ে দেন তিনি। মারুফের এই একমাত্র গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ব্র্যাক ইউনিভার্সিটি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন