ঢাকা অর্থনীতি ডেস্ক:
সরকারের বরাদ্দ দেওয়া আবাসিক ফ্ল্যাটগুলোতে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও জানালার পর্দা সরবরাহের দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মু. মিজানুর রহমান।
বুধবার (১৭ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
মিজানুর রহমান বলেন, ‘আমরা বাজেটের ওপর কথা বলছি। সম্পূরক বাজেটও পাস হয়েছে এই সংসদে। কিন্তু এই সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে জানালা-দরজার পর্দাগুলো এখনো ঝোলানো হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমরা শুনেছিলাম, আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়া হবে। এই পর্দা, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন পাওয়ার জোর দাবি জানাচ্ছি।’
প্রস্তাবিত ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বাজেটের আকার যেমন বড়, তেমনি এর ঘাটতির পরিমাণও উল্লেখযোগ্য।
এমপি মিজানুর রহমান বলেন, ‘এই ঘাটতি পূরণে সরকারকে দেশি ও বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হবে। সরকার যদি বিদেশি, আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর কাছ থেকে ঋণ নিতে পারে, এটা কিছুটা ভালো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই বিদেশি ঋণ পাওয়ার নিশ্চয়তা অনেক ক্ষেত্রেই কমে গেছে।’
দেশীয় ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার ঝুঁকির কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, ‘দেশের ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হলে, এমনিতেই ব্যাংকগুলোয় ঋণখেলাপি বৃদ্ধি পেয়েছে, ব্যাংক খাত দেউলিয়া হয়ে যেতে পারে।’










কমেন্ট করুন