ঢাকা অর্থনীতি ডেস্ক:
পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। সে লক্ষ্যে আজ রোববার রাতেই মিনার উদ্দেশে রওনা দেবেন হাজীরা এবং সোমবার ভোর থেকে মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিক পর্ব শুরু হবে। হাজীদের যাত্রা সহজ ও নিরাপদ করতে সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী আজ রাতেই মিনার উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশের হজযাত্রীদের মিনায় পাঠানোর সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে মক্কাস্থ বাংলাদেশ হজ অফিস ও সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো।
শরিয়তের বিধান অনুযায়ী, হাজীরা ৮ জিলহজ মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপন শেষে ৯ জিলহজ মঙ্গলবার আরাফাতের উদ্দেশে রওনা হবেন তারা। এ বছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। খুতবার পর হাজীরা একসঙ্গে যোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন। শরিয়তের বিধানানুসারে আরাফাতে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা।
৯ জিলহজ সূর্যাস্তের পর হাজীরা মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত কাটাবেন। পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় ফিরে বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুণ্ডন বা চুল ছোট করবেন। ১১ ও ১২ জিলহজ হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ১২ জিলহজ সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করবেন হাজীরা।
এ বছর বিশ্বের বিভিন্ন দেশের ১৬ লাখ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন বলে অনুমান করা হচ্ছে। বাংলাদেশ থেকে এ বছর সাড়ে ৭৮ হাজার মানুষ হজ পালন করছেন।
সূত্র: বাসস










কমেন্ট করুন