ঢাকা অর্থনীতি ডেস্ক:
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্যাচে নামার আগে এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের ব্যাটার ও অধিনায়ক লিটন দাস এবং পেসার মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের ষষ্ঠ ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক ছোঁয়ার দোরগোড়ায় আছেন লিটন। এ জন্য তাঁর আর ১৩১ রান দরকার।
২০১৫ সালে অভিষেকের পর ১০৪ ম্যাচের ১০৩ ইনিংসে ২ হাজার ৮৬৯ রান করেছেন লিটন। ব্যাট হাতে ৫টি সেঞ্চুরির পাশাপাশি ১৪টি হাফ-সেঞ্চুরিও আছে তাঁর।
বাংলাদেশের হয়ে এ পর্যন্ত ২ হাজার বা তার বেশি রান করেছেন পাঁচজন। তাঁরা হলেন তামিম ইকবাল (২৪৩ ম্যাচে ৮ হাজার ৩৫৭ রান), মুশফিকুর রহিম (২৭৪ ম্যাচে ৭ হাজার ৭৯৫ রান), সাকিব আল হাসান (২৪৭ ম্যাচে ৭ হাজার ৫৭০ রান), মাহমুদুল্লাহ রিয়াদ (২৩৯ ম্যাচে ৫ হাজার ৬৮৯ রান) এবং মোহাম্মদ আশরাফুল (১৭৫ ম্যাচে ৩ হাজার ৪৬৮ রান)।
লিটনের মতোই মাইলফলকের সামনে মুস্তাফিজ। ১২৪ ম্যাচে ১৯৩ উইকেট রয়েছে তাঁর। আর ৭টি উইকেট নিলেই বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেটের মালিক হবেন তিনি।
বাংলাদেশের বোলারদের মধ্যে ২০০ বা তার বেশি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান (২৪৭ ম্যাচে ৩১৭ উইকেট), মাশরাফি বিন মর্তুজা (২১৮ ম্যাচে ২৬৯ উইকেট) এবং আব্দুর রাজ্জাক (১৫৩ ম্যাচে ২০৭ উইকেট)।










কমেন্ট করুন