Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানি

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিনের জন্য সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, পূজা উপলক্ষে এ সময় বন্দর এলাকার সব ধরনের আমদানি-রফতানিকারক কার্যক্রম বন্ধ রাখা হবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে জানিয়েছে, সাপ্তাহিক ছুটিসহ ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত টানা ৮ দিন বন্দর বন্ধ থাকবে।

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, পূজা উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ থাকলেও এ সময় বন্দরে সীমিত পরিসরে পণ্য ওঠানো-নামানো, পরিবহন ও গুদামজাতকরণসহ কিছু কার্যক্রম চালু থাকবে। ইমিগ্রেশন কার্যক্রমও চালু থাকবে, ফলে যাতায়াতে কোনো সমস্যা হবে না। আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে।

সোনামসজিদ ইমিগ্রেশন কর্মকর্তা এসআই জামিরুল ইসলাম জানান, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনের মাধ্যমে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ফলে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন