Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

বসুন্ধরায় দেশের সর্ববৃহৎ আইকনিক কর্পোরেট অফিস গড়ছে ওয়ালটন

আইকনিক কর্পোরেট অফিস নির্মাণ করছে ওয়ালটন। ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৮ লাখ বর্গফুটের অত্যাধুনিক ও পরিবেশবান্ধব একটি আইকনিক কর্পোরেট অফিস ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে ওয়ালটন। এটি হবে দেশের সর্ববৃহৎ গ্রিন অফিস কমপ্লেক্স।

এই মহাপ্রকল্পে আর্কিটেকচারাল, নির্মাণ ও প্রকৌশল পরামর্শ সেবা দেবে তিনটি প্রতিষ্ঠান— ভিসতারা আর্কিটেক্টস প্রাইভেট লিমিটেড, অ্যাবোড অব কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড এবং বিএন ইঞ্জিনিয়ারিং।

রবিবার (৩ মে) রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এই তিন প্রতিষ্ঠানের সঙ্গে আলাদাভাবে চুক্তি স্বাক্ষর করে।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. জিয়াউল আলমের সঙ্গে অ্যাবোড অব কনসালট্যান্টসের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা. এম শামিম জেড বসুনিয়া, ভিসতারা আর্কিটেক্টসের ম্যানেজিং ডিরেক্টর আর্কিটেক্ট মুস্তফা খালিদ পলাশ এবং বিএন ইঞ্জিনিয়ারিংয়ের চিফ এক্সিকিউটিভ অফিসার আবুল বাশার মোহাম্মদ আব্দুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভী ও এস এম রেজাউল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটনের আইকনিক মেগা অফিস কমপ্লেক্সটি হবে একটি আধুনিক, স্মার্ট ও টেকসই কর্মপরিবেশের প্রতীক। এই প্রকল্পের মাধ্যমে আমরা শুধু একটি অফিস ভবন নির্মাণ করছি না, বরং আমরা তুলে ধরছি বাংলাদেশের শিল্প সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস।

আর্কিটেক্ট মুস্তফা খালিদ পলাশ বলেন, ওয়ালটনের মেগা আইকনিক অফিস ভবন নির্মাণে যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত। এই মেগা আইকনিক ভবনের আর্কিটেকচারাল ডিজাইনে আমরা গ্রিন বিল্ডিং কনসেপ্ট, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহারের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেব।

অনুষ্ঠানে জানানো হয়, ১৪.৩ বিঘা জমির ওপর গড়ে উঠবে ওয়ালটন আইকনিক টাওয়ার, যার মোট আয়তন দাঁড়াবে প্রায় ১৮ লাখ বর্গফুটে। প্রথম পর্যায়ে ৭ বিঘা জমিতে প্রায় ৯ লাখ বর্গফুটের ১৩ তলাবিশিষ্ট একটি পরিবেশবান্ধব অফিস ভবন নির্মাণ করা হবে, সঙ্গে থাকবে আরও তিনটি বেসমেন্ট।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন