ঢাকা অর্থনীতি ডেস্ক:
পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার গঠনের আগেই প্রশাসনিক পর্যায়ে বড় রদবদল শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে রাজ্যের বিভিন্ন দফতরে নিযুক্ত সব অবসরপ্রাপ্ত আমলার অফিসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুধবার থেকে তারা আর কর্মস্থলে আসতে পারবেন না বলে সংশ্লিষ্ট দফতরগুলোকে জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা লোকভবন থেকে এই নির্দেশ জারি করেছেন এবং প্রতিটি দফতরের সচিবকে মৌখিকভাবে বিষয়টি অবহিত করা হয়েছে। নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। বিভিন্ন দফতরে উপদেষ্টার দায়িত্বে থাকা বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইতোমধ্যে পদ ছেড়ে দিয়েছেন এবং সরকারি বাসস্থান খালি করেছেন।
এদিকে মঙ্গলবার মুখ্যসচিব সব দফতরকে সতর্ক থাকার নির্দেশ দেন। গুরুত্বপূর্ণ নথিপত্র সঠিকভাবে সংরক্ষণ করতে এবং কোনো অবস্থাতেই দফতরের বাইরে না নিয়ে যেতে বলা হয়েছে। আর্থিক উপদেষ্টাদেরও সক্রিয় থেকে নথির তালিকা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত সোমবারের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। অন্যদিকে টানা ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনে জিততে পেরেছে। আগামী ৯ মে বিজেপির প্রথম সরকারের শপথ গ্রহণের প্রস্তুতি চলছে।










কমেন্ট করুন