Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

বিএনপিকে হাইজ্যাক করেছে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ

ঢাকা অর্থনীতি ডেস্ক:

বিএনপি এখন আওয়ামী লীগের দ্বারা হাইজ্যাক হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে এনসিপিতে নতুন সদস্য যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যের শুরুতে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, বিএনপির অনেক ত্যাগী নেতাকর্মী বর্তমানে দলের ওপর হতাশ হয়ে তাদের কাছে দুঃখ প্রকাশ করছেন। তিনি বলেন, “বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর নিজেদের অর্থ ও শ্রম দিয়ে দলটিকে টিকিয়ে রেখেছেন এবং অমানবিক কারাবরণ করেছেন। কিন্তু বর্তমানে সেই বিএনপি হাইজ্যাক হয়ে গেছে। দলটির সাধারণ নেতাকর্মীদের আকাঙ্ক্ষার সঙ্গে বর্তমান নেতৃত্বের অবস্থানের কোনো মিল নেই।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তাদের সামনে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর বিএনপি সংস্কারবিরোধী ভূমিকায় নেমেছে। তিনি বলেন, “শহীদ ওয়াসিম, আবু সাঈদ ও মুগ্ধরা যে লক্ষ্য নিয়ে রক্ত দিয়েছেন, বিএনপি সেই অবস্থান থেকে পিছিয়ে যাচ্ছে। তারা জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা এবং নতুন বাংলাদেশের স্বপ্ন থেকে অনেক দূরে সরে গেছে।”

পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, “তৃণমূল পর্যায়ে নীরবে একটি পরিবর্তন ঘটছে। বিএনপির অনেক নেতাকর্মী এনসিপিতে যোগ দিতে আগ্রহী হলেও সামাজিক ও রাজনৈতিক পারিপার্শ্বিকতার কারণে তা প্রকাশ্যে বলতে পারছেন না।” উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এনসিপির সংস্কারের বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও ছাত্রদল-যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বিএনপি নেতাদের সতর্ক করে বলেন, “বিএনপি নেতারা জুলাই বিপ্লবের রক্তের ওপর ভর করে ক্ষমতায় এসেছেন, কিন্তু এসেই তারা জুলাইয়ের স্পিরিটের সঙ্গে প্রতারণা করছেন।” তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশ ছাড়ার পর এখন কারও জন্যই নিরাপদ আশ্রয় নিশ্চিত নয়। তাই জুলাই সংগ্রামের সঙ্গে বেইমানি করলে ভবিষ্যতে পালানোর পথ পাওয়া যাবে না।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন