Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে প্রধান বিচারপতিকে প্রভাবিত করা ঠিক হবে না: আইনমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্ক:

বিচারকাজ চলাকালে সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের অবাধ প্রবেশ নিশ্চিত করতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে আলোচনা বা প্রভাব খাটানো তাঁর পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘উনি (প্রধান বিচারপতি) উনার মেধা, প্রজ্ঞা এবং অভিজ্ঞতা দিয়ে পুনর্বিবেচনা করবেন বলে আমি আশা করি।’

সোমবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিকেল তিনটায় ট্রাইব্যুনালে পৌঁছান আসাদুজ্জামান। আইনমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের সঙ্গে তাঁর প্রথম বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘আমরা কয়েক মাস ধরে একটা সমস্যায় পড়েছি। সেটা হলো যে প্রধান বিচারপতির এজলাসে আমরা প্রবেশ করতে পারছি না। আমাদের সংবাদ প্রকাশে এতে বিঘ্ন হচ্ছে। আপনি গতকাল হয়তো দেখে থাকতে পারেন, আমরা একটা প্রতিবাদ করেছি। কিন্তু আমরা কোনোভাবেই উনার একগুঁয়েমির কাছে পেরে উঠছি না। তো সে ক্ষেত্রে আপনার কাছে আমাদের বিনীত আবেদন থাকবে যে আপনি বিষয়টা প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবেন কি না। আমাদের এজলাসে প্রবেশ আগের মতো নির্বিঘ্ন করার বিষয়ে আপনি পদক্ষেপ নেবেন কি না?’

জবাবে আইনমন্ত্রী বলেন, ‘প্রথম কথা হলো প্রধান বিচারপতি একগুঁয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন—এটা আমি একমত না আপনার সঙ্গে। প্রধান বিচারপতির সিদ্ধান্ত তাঁর প্রশাসনিক সিদ্ধান্ত। এটা বিচারিক কোনো সিদ্ধান্ত নয়। উনি একটা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন। কেন নিয়েছেন, তার রিজনিংটা (কারণ) উনি ভালো জানেন। দ্বিতীয়ত হলো বিষয়টা আমার দৃষ্টিতে এসেছে। আমি বিশ্বাস করি, মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টিতেও এসেছেন। প্রধান বিচারপতির সিদ্ধান্ত উনি উনার মেধা, প্রজ্ঞা এবং অভিজ্ঞতা দিয়ে পুনর্বিবেচনা করবেন বলে আমি আশা করি। …কিন্তু এ সিদ্ধান্তের বিষয়ে আইনমন্ত্রী হিসেবে উনার সঙ্গে বার্গিনিংয়ে যাওয়া বা কোনো ইনফ্লুয়েন্সে যাওয়াটা আমি মনে করছি যে ঠিক হবে না।’

প্রসিকিউশন ঘিরে নানা আলোচনা প্রসঙ্গে আরেকজন সাংবাদিক প্রশ্ন করেন, সম্প্রতি টেলিফোন কথোপকথন বা কাউকে কক্ষে ডাকাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রসিকিউশনকে ঘিরে নানা কথা উঠেছে। এ বিষয়ে সরকারের অবস্থান কী?

জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমরা সব কটি বিষয়ই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিয়েছি। এতটা গুরুত্ব দিয়ে প্রসিকিউশন থেকে কাউকে…কারও বিরুদ্ধে কোনো পদক্ষেপ ইতিপূর্বে নেওয়া হয়েছে বলে জানি না। বাট আমরা পদক্ষেপ নিয়েছি এবং এটা চলমান থাকবে।’

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন