ঢাকা অর্থনীতি ডেস্ক:
বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতা এবার একই টেবিলে বসতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে নজিরবিহীন এক ত্রিপক্ষীয় বৈঠক। ইরান যুদ্ধের উত্তেজনা, হরমুজ প্রণালির সংকট এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের প্রশ্ন, সব মিলিয়ে এই বৈঠকের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। তবে বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো চুক্তি বা বড় ধরনের সমঝোতার প্রত্যাশা করছে না ওয়াশিংটন।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বৈঠকটি হবে। শুক্রবার হোয়াইট হাউস এ বিষয়ে নিশ্চিত করেছে। তিন দেশের শীর্ষ নেতাদের মধ্যে এটিই হতে যাচ্ছে এ ধরনের প্রথম যৌথ বৈঠক।
মার্কিন কর্মকর্তাদের বরাতে এপি জানিয়েছে, বৈঠকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চান ট্রাম্প। পাশাপাশি বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ন্ত্রণের বিষয়টিও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।
তবে বৈঠক থেকে কোনো চুক্তি বা সমঝোতা ঘোষণার প্রত্যাশা করছে না যুক্তরাষ্ট্র। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এটিকে ভবিষ্যতে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার প্রাথমিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।
সম্ভাব্য এই বৈঠক নিয়ে রাশিয়ার অবস্থানও স্পষ্ট করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, শেনজেনে তিন নেতার মধ্যে কোনো সমঝোতা হলে তা অন্য দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া যাবে না।
পেসকভের মতে, ভবিষ্যৎ বিশ্বব্যবস্থা গড়ে উঠতে হবে পারস্পরিক স্বার্থ ও শ্রদ্ধার ভিত্তিতে। কোনো একটি দেশের দৃষ্টিভঙ্গি অন্যদের ওপর চাপিয়ে দিয়ে আন্তর্জাতিক ব্যবস্থা পরিচালিত হওয়া উচিত নয়।
তিন নেতার সম্ভাব্য বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করার বিষয়েও আপত্তি জানিয়েছে ক্রেমলিন।
যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক অভিযান নিয়ে ওয়াশিংটন, বেইজিং ও মস্কোর মধ্যে মতপার্থক্য রয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের সমালোচনা করেছে চীন ও রাশিয়া।
এদিকে ইরান যুদ্ধের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথে সৃষ্ট এই সংকট প্রভাব ফেলেছে আন্তর্জাতিক তেলবাজারেও।
জ্বালানি সরবরাহের বিঘ্ন সামাল দিতে নিজস্ব তেলের মজুত ব্যবহার করেছে চীন। আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষণেও হরমুজ সংকটের কারণে চীনের তেল আমদানি ও মজুত ব্যবস্থাপনায় পরিবর্তনের বিষয়টি উঠে এসেছে।
এমন পরিস্থিতিতে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে শি ও পুতিনের আলোচনা বিশেষ গুরুত্ব পাচ্ছে। তবে এই বৈঠক থেকে যুদ্ধ বন্ধে কোনো সিদ্ধান্ত আসবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার নিউ স্টার্ট (New START) চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ফলে অর্ধশতাব্দীরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো দুই দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের ওপর কার্যকর দ্বিপক্ষীয় সীমাবদ্ধতা উঠে গেছে।
মস্কো চুক্তিটির মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু ট্রাম্প সেই প্রস্তাব গ্রহণ করেননি। এর বদলে চীনের অংশগ্রহণসহ নতুন ধরনের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে আগ্রহ দেখিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার অনেক ছোট হলেও দেশটির অস্ত্রভাণ্ডার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। তবে এ ধরনের ত্রিপক্ষীয় নিয়ন্ত্রণ চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়ে এখন পর্যন্ত বিশেষ আগ্রহ দেখায়নি বেইজিং।
শেনজেনের এই বৈঠককে শুধু তিন নেতার কূটনৈতিক সাক্ষাৎ হিসেবে দেখছে না আন্তর্জাতিক মহল। ইরান যুদ্ধ, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং বৃহৎ শক্তিগুলোর মধ্যকার সম্পর্ক, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে এর প্রভাব পড়তে পারে।
তবে তিন দেশের স্বার্থ ও অবস্থানের পার্থক্যের কারণে বড় কোনো সমঝোতা কতটা সম্ভব, তা নিয়ে বিশ্লেষকদের সংশয় রয়েছে। আপাতত বৈঠকটি ভবিষ্যৎ আলোচনার পথ তৈরি করতে পারে বলেই মনে করা হচ্ছে।
সূত্র: পার্সটুডে










কমেন্ট করুন