ঢাকা অর্থনীতি ডেস্ক:
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আহত এক যুবককে ঢাকায় নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার নগরীর লবণচরা থানার কোবা মসজিদ এলাকায় রাজু হাওলাদার (৩৮) নামে ওই যুবককে লক্ষ্য করে প্রথম গুলি করে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।
ঢাকার পথে রাত সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছানো মাত্র দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্সটিকে লক্ষ্য করে আবার গুলি চালায় বলে ভুক্তভোগীরা জানান। পরিস্থিতি বেগতিক দেখে অ্যাম্বুলেন্সচালক মো. ফারুক দ্রুত গাড়িটি কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে আশ্রয় নেন। এরপর হাইওয়ে পুলিশের সহযোগিতায় আবার ঢাকার উদ্দেশে যাত্রা শুরু হয়।
রাজু হাওলাদার লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকার ইউনুস হাওলাদারের ছেলে। একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। পুলিশের ধারণা, দুটি সন্ত্রাসী গোষ্ঠীর অভ্যন্তরীণ বিরোধের জেরে তাকে গুলি করা হয়েছে।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহম্মেদ বলেন, গুলিবিদ্ধ এক রোগীকে ঢাকায় নেওয়ার পথে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালিয়েছি বলে শুনেছি। পরে তারা আমাদের কাছে নিরাপত্তা চায়। পুলিশি সহায়তায় অ্যাম্বুলেন্সটি নিরাপদে সীমানা পার করে দেওয়া হয়।
লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ বলেন, রাজুর ওপর গুলির ঘটনা কখন ও কোথায় ঘটেছে—এখনো স্পষ্ট নয়। রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাওয়া যায়। তার বিরুদ্ধে থানায় চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, লবণচরায় যুবককে গুলির ঘটনা শুনেছি। তবে অ্যাম্বুলেন্সে গুলির ঘটনার বিষয়ে আমাদের কাছে তথ্য নেই। গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।










কমেন্ট করুন