Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

প্রত্যর্পণ চুক্তির আওতাতেই হাসিনাকে ফিরতে হবে, নিজে থেকে ফেরার সুযোগ নেই: রিজভী

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

ছাত্র-জনতার অভ্যুত্থানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, নিজের থেকে দেশে ফেরার বা প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই হাসিনার।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সালের মতোই ছিল। সেই দুঃশাসন ভেঙে দিয়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে ছাত্র-জনতা।’

চব্বিশের গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন নারী এত রক্ত পান করে দেশ থেকে পালিয়েছে, অথচ তাদের কথা শুনে মনে হচ্ছে সেই নারীকে গিয়ে নিয়ে আসতে হবে।’

রুহুল কবীর রিজভী আরও বলেন, ‘২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের জনগণের লড়াইয়ে ভূমিকা রেখেছিল ৭ নভেম্বর। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াতে শিখেছে ৭ নভেম্বরের বিপ্লব থেকে।’

তিনি বলেন, ‘দেশে গোপনে কৌশলে বাল্যবিবাহ চলছে।’ এসবের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ভারপ্রাপ্ত এই মহাসচিব।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন