Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

১ জুন থেকে শুরু হচ্ছে শিশু রামিসা হত্যা মামলার বিচার: আইনমন্ত্রী

কথা বলছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার আগামী ১ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ সোমবার (২৫ মে) চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা সংক্রান্ত বিচারিক আদালতগুলোকে ছুটির আওতার বাইরে রাখতে সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করেছে। এ বিষয়ে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে যে, সংশ্লিষ্ট আদালতগুলো খোলা থাকবে।

তিনি আরও বলেন, রামিসা হত্যা মামলায় ২৪ ঘণ্টার মধ্যেই আসামির জবানবন্দি নেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে মামলার চার্জশিটও দাখিল করা হয়েছে। “১ জুন থেকে রামিসার বিচার শুরু হচ্ছে। মামলাটি বিচারের প্রক্রিয়ায় এগিয়ে গেছে।”

ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রসঙ্গ তুলে মো. আসাদুজ্জামান বলেন, ঝিনাইদহে এনসিপির সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে, বিএনপিও একইভাবে দেখছে।

উল্লেখ্য, গত শুক্রবার ঝিনাইদহে পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পাটওয়ারী অভিযোগ করেন, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পরপরই তার ওপর হামলা চালানো হয়।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন