ঢাকা অর্থনীতি ডেস্ক:
আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য সামনে রেখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন।
মঙ্গলবার (২৫ মে) সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় সরকারের গত ১০০ দিনের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি।
এ ছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপ-প্রেসসচিব হাসান শিপলু, সুজাউদ্দৌলা সুজন, শাহদাৎ হোসেন স্বাধীনসহ অন্যরা।
মাহাদী আমিন বলেন, দেশের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় গতি আনতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে। একই সঙ্গে আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্য নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ দ্রুত এগিয়ে চলছে।
তিনি আরও বলেন, বিদেশে উচ্চশিক্ষার জন্য ব্যাংক গ্যারান্টি সুবিধা সম্প্রসারণ করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দর ও ট্রেনে হাই-স্পিড ফ্রি ওয়াই-ফাই চালুর মাধ্যমে প্রযুক্তিনির্ভর সেবার বিস্তার ঘটানো হয়েছে। তরুণদের ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন করে স্পোর্টস ও নতুন কুঁড়ি কার্যক্রম চালু করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য খাতে সরকার দ্রুত ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।
হামের টিকা এনে প্রায় শতভাগ শিশুকে টিকাদানের আওতায় আনা হয়েছে বলেও জানান মাহাদী আমিন। তিনি বলেন, মাতৃত্বকালীন ছুটি উন্নীত করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মাহাদী আমিন জানান, গুম-খুন, হামলা-মামলা এবং দমন-পীড়নের দীর্ঘ পথ অতিক্রম করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের মন্ত্রিসভা ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত মোট ১০টি কেবিনেট সভা সম্পন্ন করেছে। তিনি আরও জানান, এসব সভায় সর্বসম্মতিক্রমে ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে ৩৭টি সিদ্ধান্ত, অর্থাৎ প্রায় ৬২ শতাংশ, ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং বাকি ২৩টি সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।
সরকার গঠনের পর এত অল্প সময়ে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বড় অংশ কার্যকর করতে পারাকে সরকারের দ্রুততা, কার্যকারিতা ও আন্তরিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেন মাহাদী আমিন।










কমেন্ট করুন