Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
মো. আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়

ঢাকা অর্থনীতি ডেস্ক:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহে প্রধান জামাত আগামী ২৮ মে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার (২৫ মে) জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

তিনি বলেন, ‘আবহাওয়া প্রতিকূল না থাকলে প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্থানান্তরিত করা হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন করেছে। জাতীয় ঈদগাহে ময়দানের ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।’

মো. আবদুস সালাম আরও বলেন, ‘জাতীয় ঈদগায়ে প্রবেশের পথ থাকবে চারটি, বের হওয়ার পথ থাকবে মোট সাতটি। ঈদের জামাতে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ মোট ১২১টি কাতার করা হচ্ছে। পাশেই অজুখানা রাখা হয়েছে এখানে ১৪০ জন করে মুসল্লি একসঙ্গে অজু করতে পারবেন।’

এর আগে বুধবার (২০ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল মোর্শেদ চৌধুরী জানিয়েছিলেন, সম্প্রতি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ঈদুল আজহার জামাত ও সার্বিক আয়োজন নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো কাজ শুরু করেছে।

উল্লেখ্য, আগামী ২৮ মে দেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে সামর্থ্যবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন