Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

শিশু রামিসার হত্যাকারীর দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন জামায়াত আমির

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

রাজধানীতে নৃশংসভাবে খুন হওয়া শিশু রামিসার হত্যাকারীর বিরুদ্ধে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২০ মে) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে এই দাবি করেন তিনি।

পোস্টে নিহত শিশুটির প্রতি গভীর শোক প্রকাশ করে ডা. শফিকুর রহমান লেখেন— “প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি এখনো বৃন্ত থেকে পুরোপুরি ফোটনি। তুমি ছিলে তোমার মা-বাবা ও বোনের চোখজুড়ানো হৃদয়ের আবেগ ও ভালোবাসামাখা ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন।”

হত্যাকারীর প্রতি তীব্র ধিক্কার জানিয়ে তিনি আরও লেখেন, “তুমি চলে গেছো— তোমার চলে যাওয়াটা হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই হায়েনাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং এই নরপশু হত্যাকারীর শাস্তি অতি দ্রুত দেখতে চাই।”

পোস্টের শেষে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জামায়াত আমির লেখেন, “আল্লাহ তা’আলা রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। তার পিতা-মাতা, বোন এবং আপনজনকে ধৈর্য ধরার তাওফিক দিন। আমিন।”

উল্লেখ্য, সম্প্রতি শিশু রামিসাকে নির্মমভাবে হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ সারাদেশে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় তুলেছে। সাধারণ মানুষ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন রামিসার হত্যাকারীকে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসির দাবি জানিয়ে আসছেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন