ঢাকা অর্থনীতি ডেস্ক:
শিক্ষার্থীদের কথা মাথায় রেখে ‘ক্যাম্পাস হাব’ নামে নতুন একটি ফিচার আনছে টিকটক। এতে থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক গ্রুপ চ্যাট ও আলাদা পার্সোনালাইজড ফিড, যা শিক্ষার্থীদের নিজের ক্যাম্পাস কমিউনিটির সঙ্গে সব সময় সংযুক্ত রাখবে। এমনকি ছুটির সময়েও এই ফিচার ব্যবহার করে ক্যাম্পাসের সঙ্গে যোগাযোগ রাখা যাবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
টেকক্রাঞ্চ জানায়, নতুন এই ফিচারটি টিকটকের আগের ক্যাম্পাস ভেরিফিকেশন ফিচারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা গত আগস্টে চালু হয়েছিল। সেই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রোফাইলে নিজের শিক্ষাপ্রতিষ্ঠান যুক্ত করতে এবং একই প্রতিষ্ঠানের সহপাঠীদের খুঁজে পেতে পারতেন। বর্তমানে ছয় হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়ে এই সুবিধা চালু রয়েছে।
ক্যাম্পাস হাব ব্যবহার করতে হলে শিক্ষার্থীকে আগে তার পরিচয় যাচাই করতে হবে। পরিচয় নিশ্চিত হওয়ার পরই ফিচারটি সক্রিয় হবে।
এই প্ল্যাটফর্মে শিক্ষার্থীরা সহপাঠীদের সঙ্গে গ্রুপ চ্যাটে যুক্ত হতে পারবেন, যেখানে সর্বোচ্চ ৩০০ জন সদস্য অন্তর্ভুক্ত থাকতে পারবেন। তবে এই চ্যাটগুলো কেবল একই প্রতিষ্ঠানের যাচাইকৃত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
টিকটক জানিয়েছে, রিইউনিয়নের পরিকল্পনা বা ছুটির মৌসুমেও পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখতে এই চ্যাট কার্যকর ভূমিকা রাখবে।
এ ছাড়া নতুন কলেজ ফিডে ব্যবহারকারীরা তাদের নিজের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পোস্ট করা বা প্রতিষ্ঠানসংক্রান্ত কনটেন্ট দেখতে পাবেন। এর ফলে শিক্ষার্থীরা যেখানেই অবস্থান করুন না কেন, ক্যাম্পাসের জীবন, ট্রেন্ড ও সর্বশেষ আপডেটের সঙ্গে তারা সহজেই সংযুক্ত থাকতে পারবেন।










কমেন্ট করুন