Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের হামলায় ৩ র‍্যাব সদস্য আহত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় র‍্যাব সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিন র‍্যাব সদস্যকে জখম করেছে হামলাকারীরা।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের ১৪ নং ওয়ার্ডের বোয়ালিয়া খাল এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত তিন র‍্যাব সদস্য হলেন ইব্রাহিম, মাহী ও নাজিবুল। এদের মধ্যে নাজিবুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি দুজন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে র‍্যাব-১১-এর পাঁচ থেকে ছয়জন সদস্য সিভিল ড্রেসে বোয়ালিয়া খাল এলাকায় মাদকসংক্রান্ত তথ্য সংগ্রহ করছিলেন। তাদের উপস্থিতি টের পেয়ে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া দেয় এবং তিনজনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে একজনকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, ‘তিন জন র‌্যাব সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘হামলায় তিন জন র‍্যাব সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকি দুজন নারায়ণগঞ্জে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘র‌্যাবের কয়েকজন সদস্য গোপনে মাদকের বিষয়ে তথ্য সংগ্রহ করছিল। তথ্য সংগ্রহের সময়ে তারা সিভিল ড্রেসে ছিল। এদিকে তাদের উপস্থিতি টের পেয়ে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায় ও কুপিয়ে আহত করে। আহত র‌্যাব সদস্যদের মধ্যে অনেকের মাথায় আঘাত লেগেছে। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।’ তিনি জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন