ঢাকা অর্থনীতি ডেস্ক:
মালয়ালাম চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমেছে। বর্ষীয়ান অভিনেতা এসআই রাজশেখরন চলে গেছেন না ফেরার দেশে।
রোববার (১২ জুলাই) কেরালার কোট্টায়ামের চিঙ্গাভানামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিজ বাড়িতেই শান্তিপূর্ণভাবে মৃত্যু হয়েছে এই অভিনেতার। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো পরিবার বা ঘনিষ্ঠদের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।
তার মৃত্যুর খবরে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন।
দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজশেখরন। খলনায়ক, পুলিশ কর্মকর্তা এবং চরিত্রাভিনেতা হিসেবে তার অভিনয় দর্শকদের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছিল।
তার প্রকৃত নাম ছিল রাজশেখরন। তবে একের পর এক চলচ্চিত্রে সাব-ইন্সপেক্টর (এসআই) ও অন্যান্য পুলিশ কর্মকর্তার চরিত্রে বারবার অভিনয় করতে করতে নামের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হয়ে যায় ‘এসআই’। এই নামেই পরবর্তীতে মালয়ালাম সিনেমার পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।
১৯৮০-এর দশকে অভিনয়জীবন শুরু করা রাজশেখরন ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। পর্দায় তার দৃঢ় উপস্থিতি ও বাস্তবধর্মী অভিনয় তাকে আলাদা পরিচিতি এনে দেয়। মালয়ালামের খ্যাতিমান নির্মাতা জোশি পরিচালিত একাধিক জনপ্রিয় চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে মালয়ালাম সিনেমায় নিজের স্থায়ী জায়গা তৈরি করেছিলেন এসআই রাজশেখরন।










কমেন্ট করুন