ঢাকা অর্থনীতি ডেস্ক:
দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও শুরু হতে যাচ্ছে ভারতীয় বাংলা জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন আঙ্গিকে ও ধামাকা আয়োজনে অনুষ্ঠানটি ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু করেছে চ্যানেল কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতেই শুরু হতে পারে হাসির এই মহাযজ্ঞ।
দর্শকপ্রিয় উপস্থাপক মীর আফসার আলীর চটজলদি জবাব আর বুদ্ধিদীপ্ত সঞ্চালনায় একসময় বাংলা টেলিভিশন কাঁপিয়েছিল ‘মিরাক্কেল’। টিআরপির শীর্ষে থাকা এই শোয়ের মাধ্যমেই বহু কৌতুকশিল্পী শোবিজ অঙ্গনে নিজেদের জায়গা পোক্ত করে নিয়েছিলেন। কিন্তু দীর্ঘ পাঁচ বছর ধরে ছোটপর্দায় জনপ্রিয় এই শো অনুপস্থিত থাকায় দর্শকদের মনে এক ধরনের আক্ষেপ তৈরি হয়েছিল।
সেই আক্ষেপ দূর করতেই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শোয়ের একটি দারুণ প্রোমো প্রকাশ করেছে কর্তৃপক্ষ। নতুন মৌসুমের ঘোষণা আসতেই চারদিকে শুরু হয়েছে হইচই।
দেশের গণ্ডি পেরিয়ে সব বয়সের কমেডি শিল্পীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রাথমিক বাছাইপর্ব শেষে শুরু হবে মূল লড়াই, যেখানে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতায় মাতবেন নির্বাচিত প্রতিযোগীরা।
অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, “সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী ফেব্রুয়ারি মাসেই পর্দায় ফিরবে মিরাক্কেল। তবে বিচারকের আসনে কাদের দেখা যাবে, তা নিয়ে আলোচনা চলছে।”









কমেন্ট করুন