Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

বিদ্যুতের দাম ইউনিটে ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব, ভর্তুকি কমবে ১৩ হাজার কোটি টাকা

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ১ টাকা ২৫ পয়সা বৃদ্ধির সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি (টিইসি)। এই সুপারিশ অনুযায়ী দাম সমন্বয় করা হলে আগামী ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি প্রায় ১৩ হাজার কোটি টাকা কমে আসবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর কেআইবি মিলনায়তনে বিইআরসির দ্বিতীয় দিনের গণশুনানিতে এই প্রস্তাব উপস্থাপন করা হয়।

কমিটির প্রাক্কলন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ৯৫ হাজার ৬১২ মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে বিতরণ সংস্থাগুলোর মোট ১ লাখ ১৯ হাজার ২৮৫ কোটি টাকার নিট রাজস্ব প্রয়োজন হবে বলে হিসাব করা হয়েছে।

কারিগরি কমিটির পর্যালোচনায় আরও দেখা গেছে, দেশের সামগ্রিক বিদ্যুৎ বিতরণ সিস্টেম লস ২০২৪-২৫ অর্থবছরের ৭.৩৮ শতাংশ থেকে সামান্য কমে ২০২৬-২৭ অর্থবছরে ৭.৩৭ শতাংশে নামতে পারে।

ট্যারিফ কাঠামো প্রসঙ্গে টিইসি জানিয়েছে, লাইফলাইন গ্রাহকদের (০-৫০ ইউনিট) পরবর্তী ধাপগুলোর বিদ্যমান স্ল্যাব কাঠামোয় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। কমিটির সদস্যরা জানান, বিদ্যুতের বর্তমান স্ল্যাব কাঠামোতে কোনো অতিরিক্ত বোঝা চাপানো হবে না। এর আগে ০-৭৫ ইউনিটের প্রথম স্ল্যাবটি বাতিল করে ০-২০০ ইউনিটের একটি নতুন স্ল্যাব চালুর প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল। তবে কারিগরি কমিটি মনে করছে, হঠাৎ স্ল্যাব পরিবর্তন করলে প্রান্তিক পর্যায়ের সাধারণ গ্রাহকরা বিপাকে পড়বেন। সে কারণে সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষায় বিদ্যমান স্ল্যাব কাঠামোই বহাল রাখার সুপারিশ করেছে কমিটি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন