ঢাকা অর্থনীতি ডেস্ক:
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন উত্তেজনা তৈরি হওয়ায় বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এর সরাসরি ধাক্কা লেগেছে সোনার বাজারেও। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যে উল্লেখযোগ্য পতন ঘটেছে।
সোমবার (৪ মে) লেনদেন শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই মূল্যবান এই ধাতুর দাম ১ শতাংশের বেশি নেমে যায়।
ডলারের মান বৃদ্ধি এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে ডলারকেই এখন নিরাপদ আশ্রয় হিসেবে দেখছেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গ্রিনিচ মান সময় বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৫৩ ডলার ৫৩ সেন্টে নেমে আসে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার চুক্তিতে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৬৫ ডলার ৪০ সেন্টে লেনদেন হচ্ছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে বিশেষত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় বৈশ্বিক মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ ঘনীভূত হয়েছে। এর প্রভাবে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ ডলার ছাড়িয়ে গেছে।
বায়বিটের প্রধান বাজার বিশ্লেষক হান ট্যান বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে নতুন উদ্বেগ তৈরি হওয়ায় স্বর্ণের বাজার ধাক্কা খেয়েছে। বিনিয়োগকারীরা এখন স্বর্ণের বদলে মার্কিন ডলারকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বেছে নিচ্ছেন।’










কমেন্ট করুন