ঢাকা অর্থনীতি ডেস্ক:
বলিউড সুপারস্টার আমির খানের পরবর্তী প্রজেক্ট নিয়ে কয়েক মাস ধরে চলা নানা জল্পনার অবশেষে অবসান হলো। হিন্দুস্তান টাইমস নিশ্চিত করেছে, আমির খান তার ২০০৯ সালের ব্লকবাস্টার ‘থ্রি ইডিয়টস’-এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল নিয়ে কাজ শুরু করেছেন। ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো, মূল ছবির তিন ‘ইডিয়ট’ — আমির খান, আর মাধবন এবং শরমন জোশী — আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন।
চলচ্চিত্র সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ছবিটি এখন প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। মূল ত্রয়ীর সিক্যুয়েলে ফেরার বিষয়টি নিশ্চিত হলেও কিছু প্রশ্ন এখনো অনুত্তরিত। এর মধ্যে একটি হলো ভিকি কৌশলকে চতুর্থ ‘ইডিয়ট’ হিসেবে নেওয়া এবং ছবির নাম ‘ফোর ইডিয়টস’ রাখার গুঞ্জন — যার সত্যতা এখন পর্যন্ত মেলেনি।
সূত্র জানিয়েছে, নতুন ছবির গল্পে মূল কাহিনির সঙ্গে উল্লেখযোগ্য সময়ের ব্যবধান রাখা হবে। ফলে চরিত্রগুলো আগের বয়সে দেখা যাবে না। তবে ছবিটি প্রথম পর্বের পরবর্তী না পূর্ববর্তী প্রেক্ষাপটে নির্মিত হবে, সে রহস্য এখনো রয়ে গেছে। মূল ছবির পরিচালক রাজকুমার হিরানিই সিক্যুয়েলের পরিচালনায় থাকবেন বলে জানা গেছে।
আমির, মাধবন ও শরমনের পাশাপাশি মূল ছবিতে অভিনয় করেছিলেন কারিনা কাপুর, বোমান ইরানি, মোনা সিং ও ওমি বৈদ্য। চেতন ভগতের উপন্যাস ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’-এর ওপর ভিত্তি করে ছবিটি নির্মিত হয়েছিল।
২০০৯ সালে মুক্তির পর বিশ্বজুড়ে ৪০০ কোটি রুপি আয় করে ইতিহাস রচনা করেছিল ‘থ্রি ইডিয়টস’। এটিই ছিল ৪০০ কোটির মাইলফলক স্পর্শ করা প্রথম ভারতীয় ছবি। চীনেও অভাবনীয় সাড়া ফেলে ছবিটি, এমনকি বক্স অফিসে ‘অ্যাভাটার’কেও পেছনে ফেলে দেয়। একবিংশ শতাব্দীর সেরা ভারতীয় চলচ্চিত্রের তালিকায় ‘থ্রি ইডিয়টস’ বরাবরই জায়গা করে নিয়েছে। এবার সেই পরিচিত জাদু বড় পর্দায় আরেকবার দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।
সূত্র: হিন্দুস্তান টাইমস










কমেন্ট করুন