ঢাকা অর্থনীতি ডেস্ক:
বিশ্বকাপে দারুণ ছন্দ ধরে রেখে তিউনিশিয়াকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জাপান। এই জয়ে নকআউট পর্বে ওঠার পথে বড় অগ্রগতি করেছে এশিয়ার প্রতিনিধিরা। অন্যদিকে টানা দুই পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে তিউনিশিয়ার।
মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাপান। ম্যাচের ৪ মিনিটেই দাইচি কামাদার গোলে এগিয়ে যায় দলটি। এরপর ৩১ মিনিটে আয়াসে উয়েদা ব্যবধান দ্বিগুণ করলে প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে জাপান। ৬৯ মিনিটে জুনিয়া ইতো তৃতীয় গোল করেন। এরপর ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করে বড় জয় নিশ্চিত করেন উয়েদা।
পুরো ম্যাচজুড়ে বল দখল, পাসিং এবং আক্রমণে স্পষ্ট আধিপত্য দেখায় জাপান। অন্যদিকে রক্ষণভাগের একের পর এক ভুলে ম্যাচে ফেরার সুযোগই পায়নি তিউনিশিয়া।
এই জয়ে এফ গ্রুপে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে জাপান। অন্যদিকে সুইডেনের কাছে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর এবারও পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল তিউনিশিয়া।










কমেন্ট করুন