ঢাকা অর্থনীতি ডেস্ক:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে হ্যান্ডকাপ পরা এক মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা ও সদস্য আহত হয়েছেন।
শনিবার (২০ জুন) বিকেলে দৌলতদিয়ার পুড়াভিটা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে দৌলতদিয়ার এশিয়া বোডিং এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে গাঁজাসহ আশীষ চন্দ্র শীল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
একই সময়ে পুড়াভিটা এলাকায় পৃথক অভিযানে ফয়সাল নামে আরেক মাদক কারবারিকে আটক করে হ্যান্ডকাপ পরানো হয়। তবে তাকে হেফাজতে নেওয়ার পর তার সহযোগীরা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ তাকে ছিনিয়ে নিয়ে যায়।
সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুইজনকে মাদকসহ আটক করেছিল। তাদের মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হলেও অন্যজনকে হেফাজতে নেওয়ার পর তার সহযোগীরা হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরও জানান, হামলার ঘটনায় অধিদপ্তরের কয়েকজন সদস্য আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।










কমেন্ট করুন