Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

চার বছরে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ঢাকা অর্থনীতি ডেস্ক:

দেশব্যাপী প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে নতুন প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্ক গড়ে তুলতে যাচ্ছে সরকার। এই উদ্যোগের আওতায় আগামী চার বছরের মধ্যে ১ লাখ স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে।

রোববার (২১ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের প্রতিটি ইউনিয়ন ও শহরের প্রতিটি ওয়ার্ডে দুইজন করে মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। বর্তমানে থাকা ১৪ হাজার কমিউনিটি ক্লিনিককে নতুন স্বাস্থ্য নেটওয়ার্কের আওতায় এনে স্বাস্থ্য হাবে রূপান্তর করা হবে। ফলে কমিউনিটি ক্লিনিক নামে আলাদা কোনো কাঠামো থাকবে না।

প্রকল্পটির পাইলট কার্যক্রম প্রথমে খুলনা, নরসিংদী, সিরাজগঞ্জ, নোয়াখালী ও বগুড়া জেলায় চালু করা হবে। আগামী একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

ড. জিয়াউদ্দিন বলেন, প্রকল্প বাস্তবায়নে ৪৫ মিলিয়ন ডলার ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে ১৫ মিলিয়ন ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাকি অর্থ সরকার নিজস্ব তহবিল থেকে বহন করবে।

এছাড়া দেশের সব নাগরিককে ধাপে ধাপে ই-হেলথ কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। প্রাথমিকভাবে পাঁচটি জেলায় এ কার্যক্রম শুরু হবে।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের অবহেলার কারণেই হাম রোগের টিকাদান কার্যক্রম ব্যাহত হয়েছিল এবং এ বিষয়ে আলাদা তদন্তের প্রয়োজন নেই।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন