Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ঐতিহাসিক স্থাপত্য ও গ্রাফিতি-২০২৪ নিয়ে বাজারে এলো নতুন পাঁচ টাকার নোট

পাঁচ টাকার নতুন নোট। ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের পাঁচ টাকা মূল্যমানের কারেন্সি নোট বাজারে ছাড়া হয়েছে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন এই নোটের সম্মুখভাগের বাম পাশে রয়েছে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি এবং মাঝখানে পটভূমি হিসেবে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার প্রতিকৃতি। নোটের পেছনের অংশে মুদ্রিত হয়েছে গ্রাফিতি-২০২৪-এর ছবি। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত এই নোটের আকার নির্ধারিত হয়েছে ১১৭ মিমি × ৬০ মিমি।

নিরাপত্তা বৈশিষ্ট্যের দিক থেকে নোটটিতে জলছাপ হিসেবে রয়েছে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’-এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘5’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম’। নোটে হালকা গোলাপী রঙের প্রাধান্য রয়েছে। এছাড়া নোটের বাম দিকে ২ মিলিমিটার চওড়া একটি নিরাপত্তা সুতা কাগজের ভেতরে প্রবিষ্ট অবস্থায় রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে উভয় দিক থেকে দেখা যায়। সম্মুখভাগের নিচের অংশে গ্লিউইশ প্যাটার্নের ওপরে মাইক্রো পয়েন্ট হিসেবে অনুভূমিকভাবে অসংখ্য ‘BANGLADESH’ মুদ্রিত রয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) থেকে প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও তা বিতরণ করা হবে। নতুন এই নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও স্বাভাবিকভাবে চালু থাকবে।

মুদ্রা সংগ্রাহকদের কথা মাথায় রেখে নিয়মিত নোটের পাশাপাশি ৫ টাকা মূল্যমানের নমুনা (Specimen) নোটও মুদ্রণ করা হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। আগ্রহীরা এটি বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করতে পারবেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন