Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

বাংলাদেশ-শ্রীলঙ্কাকে পেছনে ফেললো আফগানিস্তান

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
আইসিসির ওয়ানডে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসে নতুন এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে আফগানিস্তান। শ্রীলঙ্কা ও বাংলাদেশকে পেছনে ফেলে তারা ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। আইসিসির ওয়েবসাইটের সর্বশেষ তথ্যানুযায়ী, ক্রিকেট ইতিহাসের প্রথমবারের মতো শীর্ষ ছয় দলের তালিকায় জায়গা করে নিয়েছে আফগানরা।
২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর থেকেই বিশ্বমঞ্চে নিজেদের একটি শক্তিশালী ও পরাক্রমশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে আফগানিস্তান। ২০২৩ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে তারা পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের পরাজিত করে আলোড়ন সৃষ্টি করেছিল। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছায় দলটি।
সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, আফগানিস্তান ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। শ্রীলঙ্কার ঝুলিতেও সমপরিমাণ ৯৪ পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে তাদের টপকে ওপরের স্থানটি দখলে নেয় তারা। এর মাধ্যমে ইংল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মতো দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে পেছনে ফেলে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নিজেদের সেরা অর্জনে পৌঁছাল রশিদ খানের দলটি।
বর্তমানে ১১৫ পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে ভারত এবং ১০৯ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড রয়েছে দ্বিতীয় স্থানে। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছে, আর ১০২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে পঞ্চম স্থানে। অন্যদিকে, আফগানিস্তানের নিচে ৯৩ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড অষ্টম স্থানে নেমে গেছে। ৮১ পয়েন্ট নিয়ে নবম স্থানে বাংলাদেশ এবং ৭৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে শ্রীলঙ্কা ষষ্ঠ স্থানে অবস্থান করলেও রেটিং পয়েন্টের সূক্ষ্ম পার্থক্যে আফগানিস্তান তাদের টপকে যায়। উল্টোদিকে ধারাবাহিক হতাশাজনক ফলাফলের কারণে পরাশক্তি ইংল্যান্ড সপ্তম থেকে অষ্টম স্থানে পিছিয়ে পড়েছে। আর ঘরের মাঠে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে ট্রফি জয়ের সুবাদে পাকিস্তান চতুর্থ স্থানে উঠে এসে দক্ষিণ আফ্রিকার সমান রেটিং পয়েন্টে উন্নীত হয়েছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন