Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ওলি রবিনসন পেলেন ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের সম্মান, দুর্দান্ত প্রত্যাবর্তনে বাজিমাত

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য ও চমকপ্রদ প্রত্যাবর্তনের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন ডানহাতি পেসার ওলি রবিনসন।
২০২১ সালে টেস্ট ফরম্যাটের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক ঘটলেও ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের পর দীর্ঘদিন দল থেকে দূরে ছিলেন রবিনসন। জাতীয় দল থেকে বাদ পড়ার পর তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে চারদিকে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
তবে দীর্ঘ দুই বছর চার মাস অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের জুনে ফের ইংল্যান্ডের স্কোয়াডে সুযোগ পান এই পেসার এবং মাঠে নেমেই বল হাতে দুর্দান্ত পারফর্ম করে তাক লাগিয়ে দেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৫ ও ২ উইকেট শিকার করে নিজের জাত চেনান তিনি। এর রেশ কাটতে না কাটতেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন টেস্টের ছয় ইনিংসে একাই ২১ উইকেট তুলে নেন রবিনসন।
চলতি বছরে মাত্র চার টেস্ট ম্যাচ খেলে তার দেখানো এই অসাধারণ বোলিং নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ লর্ডসে অনুষ্ঠিত ‘ভাইটালিটি ক্রিকেট মিডিয়া ক্লাব অ্যাওয়ার্ড’-এ তাকে বর্ষসেরা ক্রিকেটারের মুকুট পরানো হয়। ইংল্যান্ডের কিংবদন্তি সাবেক অধিনায়ক বব উইলিসের স্মরণে এই ট্রফি প্রদান করা হয়ে থাকে।
পুরস্কার অর্জনের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ৩২ বছর বয়সী ওলি রবিনসন জানান, “এই পুরস্কার পাওয়াটা অনেক বড় সম্মানের। দীর্ঘ সময় ইংল্যান্ড দলের বাইরে থাকার পর ফিরে এসে এবারের গ্রীষ্মে যে পারফরমেন্স দেখাতে পেরেছি, তা আমার কাছে বিশেষ কিছু।”
তিনি আরও যোগ করেন, “এই যাত্রাপথে কিছু কঠিন মুহূর্তও ছিল, এ কারণে এমন স্বীকৃতি পাওয়ার গুরুত্ব আরও বেড়ে যায়। ইংল্যান্ডের হয়ে আবারও খেলতে পারাটা দারুণ উপভোগ করেছি এবং আশা করি সামনে আরও অনেক কিছু অর্জন করার সুযোগ পাব।”
অন্যদিকে, মূল আকর্ষণের পাশাপাশি অনুষ্ঠানে বর্ষসেরা তরুণ ক্রিকেটারের পুরস্কার জিতে নেন মিডলসেক্সের প্রতিশ্রুতিশীল পেসার নাভিয়া শর্মা। কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাত্র ৯ ম্যাচ খেলে ৩৫ উইকেট শিকার করে মিডলসেক্সের ঐতিহাসিক ওয়ানডে কাপ জয়ে প্রধান ভূমিকা রেখেছিলেন তিনি। ২১ বছর বয়সী এই তরুণ পেসার বর্তমানে ইংল্যান্ড লায়ন্স দলের সদস্য হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে অবস্থান করছেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন