Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেলে বেতন পাওয়ার সম্ভাবনা, শিক্ষা মন্ত্রণালয়ের অর্থ বরাদ্দের চিঠি

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলের আওতায় বেতন-ভাতা পরিশোধের জন্য অতিরিক্ত তহবিল চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে। ইতোমধ্যে এই বাজেট বরাদ্দের বিষয়ে মৌখিক সম্মতিও পাওয়া গেছে।
সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বর মাস থেকেই নতুন স্কেলের হারে বেতন তুলতে সক্ষম হবেন শিক্ষক-কর্মচারীরা। কোনো কারণে যদি কিছুটা বিলম্ব হয়, তবে নতুন বছর থেকে তা নিশ্চিতভাবেই চালু হবে বলে জানা গেছে। তবে এই বেতন ভাতা শিক্ষকদের একত্রে পরিশোধ করা হবে নাকি ধাপে ধাপে দেওয়া হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) হিসাব অনুযায়ী, ছয় মাসের বকেয়াসহ আগামী বছরের মে মাস পর্যন্ত বেতন-ভাতা পরিশোধের জন্য স্কুল পর্যায়ে অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৩ লাখ এবং কলেজ পর্যায়ে ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকার প্রয়োজন রয়েছে।
সব মিলিয়ে অতিরিক্ত এই অর্থের মোট চাহিদা দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা।
গত ১ নভেম্বর মাউশি এই হিসাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে প্রেরণ করে। এর প্রেক্ষিতে একই দিনে অর্থ বিভাগ বরাবর অর্থ বরাদ্দের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেনের স্বাক্ষর করা ওই চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা ২০১৫ সালের জাতীয় পে স্কেল অনুযায়ী সুযোগ-সুবিধা পাচ্ছেন।
নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নের জন্য বর্তমান ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত এই অর্থ বরাদ্দ দেওয়া প্রয়োজন।
তবে অর্থ বিভাগের পক্ষ থেকে এখনো চূড়ান্ত আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া যায়নি। তাই আগামী ডিসেম্বর মাস থেকেই নতুন পে স্কেলে বেতন দেওয়া যাবে কি না, তা সম্পূর্ণভাবে চূড়ান্ত অনুমোদন এবং প্রয়োজনীয় অর্থ ছাড়ের ওপর নির্ভর করছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন