Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ইব্রাহিমের একমাত্র গোলে ভুটানকে হারিয়ে সাফ অনবদ্য শুরু বাংলাদেশের

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। ম্যাচে গোল মিসের মহড়া চললেও ইব্রাহিমের সুনিপুণ ফিনিশিংয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। এর মধ্য দিয়ে সাফে লাল-সবুজের প্রতিনিধিদের যাত্রা হলো দারুণ এক জয়ে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকে স্বাগতিকরা। কিন্তু একের পর এক সুযোগ নষ্ট করায় হতাশা সঙ্গী করেই বিরতিতে যেতে হয় টমাস ডুলির শিষ্যদের। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে প্রথম আক্রমণ শাণায় বাংলাদেশ। ডান দিক থেকে রাকিব হোসেনের বাড়ানো ক্রস বিশ্বনাথের পায়ে পৌঁছানোর আগেই তা ক্লিয়ার করে ভুটানের রক্ষণভাগ।
ফিরতি বলে দলনেতা জামাল ভূঁইয়ার শক্তিশালী শটও প্রতিপক্ষের প্রতিরোধে ভেস্তে যায়। ১৮তম মিনিটে ফের সুযোগ আসে বাংলাদেশের সামনে। রাকিবের ক্রসে বিশ্বনাথ হেড নিলেও বল চলে যায় পোস্টের পাশ দিয়ে। এর ঠিক সাত মিনিট বাদে আরও একটি দারুণ সুযোগ হাতছাড়া করেন তিনি। প্রায় অরক্ষিত অবস্থায় বল পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন এই বাংলাদেশি ফুটবলার।
৩৯তম মিনিটে আরেকটি সুবর্ণ সুযোগ নষ্ট হয় বিশ্বনাথের কল্যাণে। সামনে কেবল ভুটানের গোলরক্ষক থাকলেও কোনাকুনি শট জালে জড়াতে পারেননি তিনি, যা গ্যালারির দর্শকদের হতাশ করে। ঠিক পরের মিনিটেই ভুটান প্রথমবার বাংলাদেশের গোলবার লক্ষ্য করে শট নিলে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ তা অনায়াসে লুফে নেন।
বিরতির ঠিক আগে ৪৪ মিনিটে আরও একটি গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ। জামালের ফ্রি কিক থেকে হেডে বলের গতিপথ বদলান শমিত সোম। তবে গোলমুখে অবস্থান করা জিদান ইউসুফ ও সাদ উদ্দিন কেউ বলের নাগাল পেতে পারেননি, ফলে প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।
অবশেষে ম্যাচের দ্বিতর্ধের ৬৪ মিনিটে মাঠে নামেন বদলি খেলোয়াড় ইব্রাহিম। মাঠে নামার মাত্র চার মিনিটের মাথায় দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন এই ফরোয়ার্ড। জায়ান আহমেদের ক্রসে ভুটান ডিফেন্ডারদের বক্সে দুই দফা হেড ঘুরে আসার পর দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন ইব্রাহিম। তার এই গোলটিতেই গ্যালারিতে উল্লাসের জোয়ার বয়ে যায়।
এরপর ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণ চালায় সফরকারী দল। তবে সেই চাপ দক্ষতার সঙ্গে সামলে পাল্টা আক্রমণ বজায় রাখে স্বাগতিকরা। শেষ পর্যন্ত গোলের এই ব্যবধান অক্ষুণ্ণ রেখে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন