Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৫-২০২৬ এ শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা পেলেন মোশাররফ করিম

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্সেডশন অব বাংলাদেশ (এজেএফবি) স্টার অ্যাওয়ার্ড ২০২৫-২০২৬ এ শ্রেষ্ঠ অভিনেতা (চলচ্চিত্র) বিভাগে পুরস্কৃত হয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

সংগঠনটির ১৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ বছর ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য মোশাররফ করিমকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।

রাজধানীর নিউ ইস্কাটনের বিআইএএম অডিটোরিয়ামে (১০ জুলাই) শুক্রবার সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চলচ্চিত্র ও টিভি অভিনেতা-অভিনেত্রী, সংগীত, নৃত্য, মডেল, কনটেন্ট ক্রিয়েটর, বিনোদন সাংবাদিক, নারী উদ্যোক্তা, ফ্যাশনসহ বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তিদেরও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

সম্মাননা গ্রহণের পর মোশাররফ করিম বলেন, ‘আমি খুবই অভিভূত ও সেই সাথে আনন্দিত। অভিনয়ই আমার জীবন, অভিনয় আমার পেশা। খুব ভালো লাগে যখন কাজের স্বীকৃতিস্বরূপ কোনো সম্মাননা পাই। এইটা যেমন গর্বের, তেমনি আত্মার খোরাকও। একদিকে কাজের স্পৃহা যোগায়, অন্যদিকে দায়বদ্ধতা বৃদ্ধির অক্সিজেন। আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি এজেএফবি কর্তৃপক্ষকে।’

এ অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়েছেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা। এছাড়া পুরস্কার পেয়েছেন অভিনেতা আজিজুল হাকিম, নাদের চৌধুরী, গায়ক রবি চৌধুরী, অভিনেতা আখম হাসান, চিত্রনায়ক সজল, নিরবসহ আরও অনেকে। শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পুরস্কার পেয়েছেন ফরিদুল ইসলাম রুবেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এজেএফবি’র প্রতিষ্ঠাতা আবুল হোসেন মজুমদার, এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট তাসিক আহমেদ, এজেএফবি’র সভাপতি ফারুক হোসেন মজুমদার এবং চিত্রনায়ক নিরবসহ প্রমুখ গুণী ব্যক্তিবর্গ।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন