Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে আজ এইচএসসি পরীক্ষা, সরকারের সিদ্ধান্ত বহাল

ঢাকা অর্থনীতি ডেস্ক:

এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে দিনভর আন্দোলন হলেও বুধবার (১৫ জুলাই) চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্য সব শিক্ষা বোর্ডে পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা প্রশাসন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক ফেসবুক পোস্টে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব বোর্ডের আওতাধীন এলাকায় পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ রয়েছে।

মাহদী আমিন জানান, বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা আয়োজনের বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় গত কয়েক দিন ধরে আবহাওয়া অধিদপ্তর এবং প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে। মঙ্গলবার সকালেও বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। সব পক্ষের সর্বসম্মত মতামতের ভিত্তিতেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ভারী বর্ষণের কারণে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও সার্বিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এই পাঁচ জেলায় আগামী ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তবে অন্য সব শিক্ষা বোর্ডে নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে বলেও জানান মাহদী আমিন। তিনি বলেন, কোথাও যাতায়াত বা জলাবদ্ধতার কারণে সমস্যা দেখা দিলে স্থানীয় প্রশাসন প্রয়োজন অনুযায়ী কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত কিংবা সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারবে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তিনি চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সঙ্গে একই দিনে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।

পরীক্ষার্থীদের বিষয়ে মাহদী আমিন বলেন, পরীক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। তাদের ভবিষ্যৎ, স্বপ্ন ও মানসিক অবস্থার গুরুত্ব সরকার গভীরভাবে উপলব্ধি করে। নিরাপদ পরিবেশে পরীক্ষা নিশ্চিত করা যেমন সরকারের দায়িত্ব, তেমনি শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রস্তুতির মূল্যায়ন করে যথাসময়ে পরীক্ষা সম্পন্ন করাও সরকারের দায়বদ্ধতা।

পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে দুটি ভুল থাকার বিষয়টি স্বীকার করে মাহদী আমিন জানান, ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ও ভিডিও ছড়িয়ে অপপ্রচার এবং রাজনৈতিক উসকানির বিরুদ্ধে সতর্কবার্তাও দেন তিনি।

উল্লেখ্য, বৈরী আবহাওয়ায় পরীক্ষা নেওয়া এবং প্রশ্নপত্রে ভুলের প্রতিবাদে গত মঙ্গলবার ঢাকায় এইচএসসি পরীক্ষার্থীরা দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। রাতে শিক্ষামন্ত্রী পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন সাময়িকভাবে স্থগিত হয়।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন