ঢাকা অর্থনীতি ডেস্ক:
সদ্য পদোন্নতিপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ১০১ জন যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত করেছে সরকার। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব পালন করবেন।
গত রোববার (১২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ জুলাই ২০২৬ তারিখের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত এই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (যুগ্মসচিব) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে উল্লেখিত মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্তি দেওয়া হয়েছে।
সংযুক্তিকৃত মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে রয়েছে শিল্প মন্ত্রণালয়, অর্থ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ, পরিকল্পনা বিভাগ, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগ।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, সরকারি আবাসন পরিদপ্তর, সরকারি যানবাহন অধিদপ্তর, বাংলাদেশ ফরমস ও প্রকাশনা অফিস এবং সংশ্লিষ্ট হিসাব ও প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
সূত্র: বাসস










কমেন্ট করুন