ঢাকা অর্থনীতি ডেস্ক:
বিশ্বকাপে শীর্ষ দলগুলোর লড়াইকে আরও আকর্ষণীয় করতে নতুন ড্র কাঠামো চালু করেছে ফিফা। ২০২৫ সালের নভেম্বরে প্রণীত এই নিয়মের প্রভাব এখন দেখা যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে। নতুন ব্যবস্থায় ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হচ্ছে না।
নতুন নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর সময় ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলকে ড্রয়ের দুই ভিন্ন অংশে এমনভাবে রাখা হয়, যাতে তারা নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান পেলে সেমিফাইনালের আগে পরস্পরের মুখোমুখি না হয়।
সে সময় ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল স্পেন, দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা, তৃতীয়তে ফ্রান্স এবং চতুর্থ স্থানে ইংল্যান্ড। সেই অনুযায়ী স্পেন ও আর্জেন্টিনাকে ড্রয়ের দুই ভিন্ন অংশে এবং একইভাবে ফ্রান্স ও ইংল্যান্ডকে বিপরীত অংশে রাখা হয়।
তবে এই সুবিধা পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, প্রতিটি দলকেই নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে হতো। শেষ পর্যন্ত সেটিই ঘটেছে। স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড চারটি দলই গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।
ফলে শেষ আটের লড়াইয়ে চার দল চারটি ভিন্ন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে। কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে বেলজিয়ামের বিপক্ষে, আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড, ফ্রান্সের সামনে মরক্কো এবং ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বী নরওয়ে।
ফিফার এই ড্র কাঠামোর মূল লক্ষ্য টুর্নামেন্টের শুরুর দিকেই শীর্ষ দলগুলোর সংঘাত এড়িয়ে শেষ পর্যায়ে আরও বড় ও আকর্ষণীয় ম্যাচ নিশ্চিত করা। একই ধরনের সিডিং পদ্ধতি টেনিসের গ্র্যান্ড স্ল্যাম এবং ইউরোপীয় ক্লাব ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতার ড্রয়েও ব্যবহৃত হয়।
একই র্যাঙ্কিংভিত্তিক কাঠামো সম্প্রতি ক্লাব বিশ্বকাপেও প্রয়োগ করা হয়েছিল, যেখানে ফাইনালে প্যারিস সেন্ট-জার্মেইকে হারিয়ে শিরোপা জিতেছিল চেলসি।
বর্তমান সমীকরণ অনুযায়ী, চার দলই কোয়ার্টার ফাইনাল পেরোতে পারলে সেমিফাইনালে দেখা মিলতে পারে দুটি হাইভোল্টেজ ম্যাচের, স্পেন বনাম ফ্রান্স এবং আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড।










কমেন্ট করুন