Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে: অর্থমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্ক:

সরকার চট্টগ্রামকে দেশের মূল লজিস্টিক হাব বা অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে রূপান্তর করতে নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি উল্লেখ করেন, এই অঞ্চলের বন্দর, অর্থনৈতিক অঞ্চল ও ফ্রি জোনগুলো পূর্ণাঙ্গভাবে চালু হলে সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে এক নতুন জোয়ার আসবে এবং পুরো চট্টগ্রামের চেহারা আমূল বদলে যাবে।

আজ শনিবার (৪ জুলাই) সকালে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ইশান মিস্ত্রি হাট সড়কের চলমান সংস্কারকাজ পরিদর্শনের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, চলতি অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তবে দেশের সামগ্রিক অর্থনীতি অত্যন্ত শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াবে। বর্তমানে বিদেশি ইনভেস্টর বা বিনিয়োগকারীদের মাঝে বাংলাদেশকে নিয়ে দারুণ আগ্রহ তৈরি হচ্ছে। ফলে আগামী দিনগুলোতে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগের অন্যতম প্রধান আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে।

তিনি আরও জানান, চীনের বিপুলসংখ্যক বিনিয়োগকারী বর্তমানে বাংলাদেশে পুঁজি বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করছেন। সরকারও তাদের জন্য একটি অনুকূল ও সহায়ক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী দৃঢ়তার সঙ্গে বলেন, চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার নিমিত্তে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, প্রশাসনের পক্ষ থেকে তার সবটুকুই করা হবে। সেখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় ভূমি ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো নিশ্চিত করা হবে।

এর আগে অর্থমন্ত্রী ইশান মিস্ত্রি হাট সড়কের সংস্কারকাজ সরেজমিনে পরিদর্শন করেন এবং দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে স্থানীয় জনসাধারণের যাতায়াত দুর্ভোগ লাঘব করার দৃঢ় আশ্বাস দেন।

সড়ক পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এ আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন