ঢাকা অর্থনীতি ডেস্ক:
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি গ্যাস স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
সোমবার এক সংবাদ সম্মেলনে কাতারের জ্বালানিমন্ত্রী ও রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জির প্রধান নির্বাহী সাদ বিন শ্রেদা আল-কাবি এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার সন্ধ্যায় রাস লাফান শিল্পনগরীর বারজান স্থানীয় গ্যাস সরবরাহ কেন্দ্রে পরিচালন কার্যক্রম শুরু করার সময় বিস্ফোরণ ঘটে। পরে সেখানে আগুন ছড়িয়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে বাংলাদেশ, ভারত, কাতার, পাকিস্তান, নেপাল, তানজানিয়া, গিনি, কেনিয়া ও নাইজেরিয়ার নাগরিক রয়েছেন।
জ্বালানিমন্ত্রী জানান, নিহত ১৩ জনের সবাই ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত। তবে তাৎক্ষণিকভাবে কোন দেশের কতজন নাগরিক নিহত হয়েছেন, সে তথ্য প্রকাশ করা হয়নি।
ঘটনার পর দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানায়। একই সঙ্গে আহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে।
দূতাবাস এক বিবৃতিতে জানায়, রাস লাফানের মর্মান্তিক ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন। এ পরিস্থিতিতে কাতার সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে ভারতীয় সম্প্রদায়।
এদিকে কাতারএনার্জি জানিয়েছে, বিস্ফোরণের পরপরই জরুরি সেবা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি পর্যবেক্ষণ করছে।
বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।










কমেন্ট করুন