Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল, ১৪ কর্মকর্তার নতুন পদায়ন

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

বাংলাদেশ পুলিশ বাহিনীতে পুনরায় এক বড় আকারের রদবদল সম্পন্ন হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার মর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও নতুন পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। জনস্বার্থ বিবেচনায় পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নির্ধারিত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (২৫ আগস্ট) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। উক্ত প্রজ্ঞাপনদ্বয়ে স্বাক্ষর করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. আলী হোসেন ফকির।
প্রথম প্রজ্ঞাপনের মাধ্যমে সাতজন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলা ও ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন—
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, যাকে বরগুনায় বদলি করা হয়েছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক স্থান পেয়েছেন গাজীপুরে। পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমনকে পদায়ন করা হয়েছে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে। ডিএম হাসিবুল বেনজীরকে সিলেট অঞ্চল থেকে গাইবান্ধায় বদলি করা হয়। জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
এছাড়া বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে-কে এপিবিএনে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলে দায়িত্ব দেওয়া হয়েছে।
অপরদিকে দ্বিতীয় প্রজ্ঞাপনে অপর সাত কর্মকর্তার বদলি ও পদায়নের নির্দেশনা রয়েছে। তালিকায় রয়েছেন— পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ার, যাকে সাতক্ষীরায় পাঠানো হয়েছে। টাঙ্গাইল পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমাকে ঢাকার পুলিশ স্টাফ কলেজে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমানকে বদলি করা হয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলায়। রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রিদকে দায়িত্ব দেওয়া হয়েছে জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেলে।
অন্যদিকে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা সুলতানা নেলিকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে। ডিএমপির সহকারী পুলিশ কমিশনার ইসফাকুল কবির সরকারকে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার পদে এবং এপিবিএনের সহকারী পুলিশ সুপার জনি লাল দেবকে সিলেটের এসএমপিতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে নতুন পদায়ন করা হয়েছে।
এই দ্বিতীয় আদেশে আরও উল্লেখ করা হয়, ইতিপূর্বে গত ১৯ আগস্টের আদেশে র‌্যাবের সহকারী পুলিশ সুপার এইচএম গোলাম রব্বিকে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে যে বদলি করা হয়েছিল, উক্ত আদেশটি রদ করা হয়েছে।
জারিকৃত নির্দেশনা অনুযায়ী, রদবদল হওয়া কর্মকর্তাদের আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান পদের কাজ হস্তান্তর করে নতুন দায়িত্বে যোগ দিতে হবে।
নির্দিষ্ট সময়সীমার মধ্যে পদ হস্তান্তর ও নতুন পদে যোগ না দিলে আগামী ৬ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজড হিসেবে বিবেচিত হবেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন