Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

১১ জুন বাজেট উপস্থাপন, ১৫ জুন সম্পূরক বাজেট পাস: চিফ হুইপ

চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করা হবে এবং ১৫ জুন বিকেলে সম্পূরক বাজেট পাস হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শনিবার (৬ জুন) সন্ধ্যায় সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের সামনে তিনি এই তথ্য তুলে ধরেন।

চিফ হুইপ বলেন, “১৬ জুন থেকে বাজেট আলোচনা শুরু হবে। সেদিন থেকে সকাল বিকাল সংসদ অধিবেশন হতে পারে। ৩০ তারিখের মধ্যে বাজেট পাস করতেই হবে। এরপর প্রেসিডেন্টের কাছে স্বাক্ষরের জন্য পাঠানো হবে। বাজেটের নিয়ম গেজেট হতে হবে রাত ১২টার আগে।”

সরকারের আর্থিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “৩০ লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে এ সরকার যাত্রা শুরু করেছে। কিন্তু এ সরকারের আন্তরিকতা এবং চুরি না করার কারণে দেশে একটি নরমাল অবস্থা আছে। চুরি-দুর্নীতি বন্ধ করা নিয়ে সভায় আলোচনা হয়েছে। আমলাতন্ত্রের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই সবসময়। সবাই আটকা পড়ে আমলাতন্ত্রে। মানুষ যেন নির্বিঘ্নে সব কাজ করতে পারে সে চেষ্টা চলছে।”

সংসদীয় দলের সভার কার্যবিবরণী তুলে ধরে নুরুল ইসলাম মনি জানান, মন্ত্রণালয়গুলোর কাজের অগ্রগতি এবং ১২০ দিনে সম্পাদিত কার্যক্রমের বিবরণ সভায় উপস্থাপন করা হয়েছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী এমন কারিকুলাম চালুর নির্দেশনা দিয়েছেন, যা শিক্ষার্থীদের কাজ শেখাবে এবং সত্যিকার অর্থেই শিক্ষিত করে তুলবে। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মিড-ডে মিল চালুর নির্দেশও দিয়েছেন তিনি।

স্বাস্থ্য খাতের বিষয়ে চিফ হুইপ জানান, সভায় হাম ও ডেঙ্গু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী। এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণ নিয়ে চীনের সঙ্গে পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে কমপক্ষে একটি হাসপাতাল শুধু নারী ও শিশুদের জন্য নির্মিত হবে।

অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, গণমানুষের কল্যাণ ও মঙ্গলই এ সরকারের মূল লক্ষ্য এবং জনগণকে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তেল আমদানিতে ১ লাখ কোটি টাকা ভর্তুকি দিতে হবে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অর্জন প্রসঙ্গে চিফ হুইপ জানান, জাতিসংঘের অধিবেশনে সভাপতি হয়েছে বাংলাদেশ, যা দূরদর্শী নেতৃত্ব এবং কূটনৈতিক সাফল্যের প্রমাণ। দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি রামিসা হত্যা মামলার রায় আগামীকাল (৭ জুন) ঘোষণা হবে বলে জানান তিনি।

চাঁদাবাজি ও মাদক প্রসঙ্গে কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, “যে বা যারা এমন কার্যক্রম করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, খুব শিগগিরই সেটি দেখতে পাবেন। দলের হলেও কোনো মাফ হবে না।” প্রধানমন্ত্রীও এ বিষয়ে সম্মতি দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে কার্যক্রম নেওয়া হচ্ছে বলেও জানান চিফ হুইপ। নির্বাচনি এলাকায় সরকারি কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংবিধান সংশোধন প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, “সংবিধান সংশোধনে একটি কমিটি করার চেষ্টা করছি। যুগোপযোগী করতে এবং মানুষের চাহিদা পূরণে সংবিধান সংশোধন করা হয়। সংবিধান সংশোধন ছাড়া কোনো পথ নেই, সেকারণেই বিরোধী দল কমিটিতে নাম দেবে বলে বিশ্বাস।”

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে চিফ হুইপ বলেন, “সংসদীয় পদ্ধতির সরকারে মন্ত্রী নানা কারণে পদত্যাগ করতে পারেন। স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন দীপেন দেয়ান।”

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন