ঢাকা অর্থনীতি ডেস্ক:
নতুন বিতর্কে জড়ালেন টালিউড অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তী। এবার তার বিরুদ্ধে ১ কোটি ৫ লাখ রুপি আত্মসাতের অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন কৌশিক কর্মকার নামে এক ব্যক্তি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কৌশিক কর্মকার জানান, সোহমের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সোহম এন্টারটেইনমেন্ট’-এ বিনিয়োগের নামে তার কাছ থেকে ১ কোটি ৫ লাখ রুপি নেওয়া হয়। একটি চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্যে ওই অর্থ বিনিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ।
জানা গেছে, ‘লাল সুটকেসটা দেখেছেন?’ শিরোনামের একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল সোহমের এবং সেই প্রজেক্টকে কেন্দ্র করেই এই বিনিয়োগ করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সিনেমাটি নির্মিত হয়নি এবং সোহমও এতে অভিনয় করেননি বলে অভিযোগ উঠেছে। কৌশিক আরও দাবি করেন, বিনিয়োগের অর্থ ফেরত চাইলে সোহম নিজেকে বিধায়ক পরিচয় দিয়ে তাকে হুমকি দেন।
পুলিশ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, ২০২২ সালে আড়িয়াদহের একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কৌশিক কর্মকার এই অর্থ বিনিয়োগ করেন। তার অভিযোগ, চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন হয়নি এবং বিনিয়োগের অর্থও ফেরত পাননি তিনি।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সংশ্লিষ্ট চুক্তিপত্রে সোহমের প্রতিষ্ঠানের কিছু ভুয়া নথি ব্যবহারের অভিযোগও রয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানটি কলকাতার চারু মার্কেট থানা এলাকার একটি ঠিকানায় নিবন্ধিত।
গত ১৯ মে কৌশিক কর্মকারের অভিযোগের পরিপ্রেক্ষিতে চারু মার্কেট থানায় প্রতারণা ও জালিয়াতিসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত পরিচালনা করা হবে এবং প্রয়োজনে সোহম চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য সমনও পাঠানো হতে পারে।
উল্লেখ্য, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চণ্ডীপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সোহম চক্রবর্তী। পরবর্তীতে আসন পরিবর্তন করে করিমপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও সেবার জয়ের মুখ দেখেননি তিনি।










কমেন্ট করুন