Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

এক ঘণ্টার ব্যবধানে থেমে গেছে ইরানে হামলা, দাবি ট্রাম্পের

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে নতুন করে হামলা চালানোর মাত্র এক ঘণ্টা আগে থেমে গিয়েছিলেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, তেহরান একটি চুক্তির জন্য অনুনয় করছে। আজ মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ট্রাম্প জানান, মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র লোড করা হয়েছিল এবং সেগুলো অগ্রসর হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। তিনি আরও বলেন, যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির চেষ্টা অব্যাহত থাকলেও প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর “আরেকটি বড় ধরনের হামলা” চালাতে হতে পারে।

ইরানে কোনো অস্ত্র পাঠাচ্ছে না চীন: ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি ইরানে কোনো অস্ত্র পাঠাচ্ছেন না বলেও জানান ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, “এটি একটি চমৎকার প্রতিশ্রুতি। আমি তার কথায় বিশ্বাস করি। আমি এর প্রশংসা করি।”

কোনো সামরিক আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী

গতকাল সোমবার ট্রাম্প হামলার পরিকল্পনা স্থগিত করেছেন বলে যে বক্তব্য দেন, তার প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজিম গারিবাবাদি। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “এটি যেকোনো মুহূর্তে একটি ব্যাপক হামলার প্রস্তুতির ইঙ্গিত দেয়। এর অর্থ হলো ‘হুমকি’-কে ‘শান্তির সুযোগ’ নামে অভিহিত করা।”

তিনি আরও বলেন, “ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ ইরান যেকোনো সামরিক আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত।”

সূত্র: আলজাজিরা 

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন