Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
রাজস্ব ফাঁকি। ছবি : সংগৃহীত

রাজস্ব ফাঁকির সিগারেটে সরকারের ক্ষতি ৪,৭০০ কোটি টাকা, এক বছরে ভোগ বেড়েছে ৫৬ শতাংশ

ঢাকা অর্থনীতি ডেস্ক:

সিগারেটে অতিরিক্ত কর ও উচ্চমূল্য নির্ধারণের পরিণতিতে দেশে রাজস্ব ফাঁকি দেওয়া সিগারেটের ব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে। মাত্র এক বছরের ব্যবধানে এ ধরনের সিগারেটের ভোগ ৫৬ শতাংশ বেড়ে ৭০০ কোটি শলাকায় পৌঁছেছে, যার ফলে সরকারের রাজস্ব ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা। এই পরিস্থিতিতে অবৈধ কারবার নিয়ন্ত্রণে সিগারেটের দাম ও কর যৌক্তিকভাবে পুনর্নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

আজ সোমবার রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করা হয়। সিগারেটের অবৈধ বাণিজ্য বন্ধ এবং রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার। মূল গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক বজলুল হক খন্দকার।

ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে বজলুল হক খন্দকার বলেন, গত ২০২৪-২৫ অর্থবছরে সিগারেটের ওপর করভার ছিল ৭৬ শতাংশ। পরের অর্থবছরে এটা বাড়িয়ে ৮৩ শতাংশ করা হয়। উদ্দেশ্য ছিল ভোগ কমানো এবং রাজস্ব আয় বাড়ানো। কিন্তু দেখা যাচ্ছে, এতে অবৈধ উপায়ে দেশে আসা ও রাজস্ব ফাঁকি দেওয়া সিগারেটের ভোগ বেড়েছে এবং রাজস্ব ক্ষতি হয়েছে।

চলমান গবেষণার তথ্য উদ্ধৃত করে তিনি আরও জানান, ২০২৪ সালে দেশে রাজস্ব ফাঁকি দেওয়া সিগারেটের ভোগ ছিল ৪০০ কোটি শলাকা। কিন্তু ২০২৫ সালে তা বেড়ে ৭০০ কোটি শলাকায় উন্নীত হয়। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রায় ৫৬ শতাংশ ভোগ বেড়েছে। এতে সরকার প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে, যা মোট রাজস্বের প্রায় ১ দশমিক ৪৭ শতাংশ।

পিআরআইয়ের গবেষণা আরও দেখাচ্ছে, ২০২৪ সালে বৈধ ও রাজস্ব-প্রদানকারী সিগারেটের ভোগ ছিল ৭৪ দশমিক ৬০ বিলিয়ন শলাকা, যা ২০২৫ সালে কমে দাঁড়িয়েছে ৬১ বিলিয়ন শলাকায়। সামগ্রিক ভোগে বৈধ সিগারেটের অংশ এখন মাত্র ৭৭ দশমিক ৮৩ শতাংশ। এই প্রেক্ষাপটে অবৈধ সিগারেট বাণিজ্য দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ ও শাস্তির যথাযথ বাস্তবায়নের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার বলেন, উচ্চ দামের কারণে অবৈধ কারবার বাড়ে। তাই যৌক্তিকভাবে দাম নির্ধারণ করা গেলে এটা ঠেকানো যাবে। দাম কম হলে ভোগ বেড়ে সরকারের রাজস্ব আদায়ও বাড়বে। একই সঙ্গে এ খাতের করকাঠামো যৌক্তিক করার দাবিও জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন সিগারেট কোম্পানির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন